২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'শ্রমিক পাঠাতে অতিরিক্ত অর্থ আদায় রোধে আইন হচ্ছে'

অভিবাসন খাতে অতিরিক্ত ব্যয় রোধে শাস্তির বিধান রেখে নতুন আইন করা হচ্ছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2011, 11:08 AM

Updated : 24 Aug 2022, 03:07 PM

ঢাকা, মে ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অভিবাসন খাতে অতিরিক্ত ব্যয় রোধে শাস্তির বিধান রেখে নতুন আইন করা হচ্ছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। রোববার শ্রম মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রবাসী কল্যাণ ব্যাংকর ওয়েবসাইটের উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন। জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বায়রার সভাপতি আবুল বাশারের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সরকার এক মাসের মধ্যে অভিবাসন ব্যয় নির্ধারণ করে দেবে। ইতোমধ্যে এ কাজ অনেকটা এগিয়েছে। বিদেশ যেতে আগ্রহীদের ঋণ দেওয়ার সময় প্রবাসী কল্যাণ ব্যাংক অভিবাসন ব্যয়ের নথিপত্র দেখবে জানিয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রী বলেন, জনশক্তি রপ্তানিকারক কোনো সংস্থা অতিরিক্ত অর্থ আদায় করলে তাদের বিরুদ্ধে কারাদণ্ড ও জরিমানাসহ কঠোর শাস্তির বিধান করা হচ্ছে। তিনি বলেন, "বাংলাদেশে অভিবাসন ব্যয় পৃথিবীর সবচেয়ে বেশি। চার থেকে পাঁচ লাখ টাকা ব্যয় করে বিদেশে গিয়ে কর্মীরা নির্দিষ্ট সময়ের মধ্যে টাকা তুলতে পারেন না। এ জন্য অতিরিক্ত সময় থাকার চেষ্টা করেন। এতে অনেকেই 'অবৈধ' হয়ে পড়েন। ফলে জনশক্তি আমদানিকারক দেশগুলো বাংলাদেশি শ্রমিক নিতে আগ্রহ হারাচ্ছে। এ জন্য সরকার অভিবাসন ব্যয় নির্ধারণ করে দিচ্ছে।" হুন্ডির মাধ্যমে বিদেশ থেকে টাকা পাঠানোর কারণে সরকার রাজস্ব বঞ্চিত হচ্ছে উল্লেখ করে খন্দকার মোশাররফ বলেন, প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে বিদেশ থেকে টাকা পাঠানো যাবে। প্রবাসীদের পাঠানো টাকা দেশে তাদের স্বজনদের মাঝে পৌঁছে দিতে মোবাইল ব্যাংকিং চালু করা হবে। পরে মন্ত্রী প্রবাসী কল্যাণ ব্যাংকের ওয়েবসাইট (www.pkb.gov.bd) উদ্বোধন করেন। এই ওয়েবসাইটে ব্যাংকের কার্যক্রম ও প্রবাসীদের জন্য দেওয়া সুবিধা সম্পর্কে তথ্য দেওয়া হয়েছে। কোন দেশের অভিবাসন ব্যয় কত হবে, এই ওয়েবসাইট থেকেই তা জানা যাবে। কোন দেশে যাওয়ার ক্ষেত্রে সরকার কত টাকা ঋণ দেবে তাও থাকবে সেখানে। প্রবাসী কল্যাণ সচিব ও ব্যাংকের চেয়ারম্যান জাফর আহমেদ খান এবং ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সিএম কয়েস সামি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/জেকে/১৭০৭ ঘ.