২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এসইসিতে সরকারি হস্তক্ষেপ থাকছে না

পুঁজিবাজার তদারকিতে নিয়ন্ত্রণ সংস্থার (এসইসি) কার্যক্রমে সরকার আর হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2011, 08:04 AM

Updated : 24 Aug 2022, 03:07 PM

ঢাকা, মে ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুঁজিবাজার তদারকিতে নিয়ন্ত্রণ সংস্থার (এসইসি) কার্যক্রমে সরকার আর হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। রোববার সচিবালয়ে তিনি সাংবাদিকদের বলেন, "আগামী অর্থবছর থেকে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ (এসইসি) কমিশনের কোনো ধরনের কার্যক্রমে মন্ত্রণালয় সম্পৃক্ত হবে না।" ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকের পর মন্ত্রী একথা বলেন। বৈঠকে বাজেট ঘোষণার আগে দুই স্টক এক্সচেঞ্জের কর্মকর্তারা তাদের বিভিন্ন সুপারিশ তুলে ধরেন। পরে মুহিত বলেন, "এ মাসেই এসইসি'র সদস্য নিয়োগ দেওয়া হবে।" পুঁজিবাজারে অস্থিরতা তদন্তে গঠিত কমিটির সুপারিশের পর এসইসি পুনর্গঠনে হাত দেয় সরকার। সংস্থার চেয়ারম্যান পদে পরিবর্তন আনা হয়েছে। পুরনো দুই সদস্য পদত্যাগ করেছেন। সদস্য পদে নতুন একজনকে নিয়োগ করা হয়েছে। এসইসি অধ্যাদেশে বেশ কিছু আইন ও নির্দেশনা আরোপ করা হবে জানিয়ে মন্ত্রী বলেন, "তবে যে কোনো পরিবর্তনের আগে সবাইকে জানানো হবে।" বৈঠকে উভয় স্টক এক্সচেঞ্জের কর্মকর্তারা আসন্ন বাজেটে নতুন করে করা আরোপ না করার পক্ষে মত দেন। ঢাকা স্টক এক্সচেঞ্জের সভাপতি শাকিল রিজভী বলেন, "নতুন কর আরোপ করা ঠিক হবে না।" ডিসেম্বর নাগাদ স্টক এক্সজেঞ্জের ডিমিউচুয়ালাইজেশন সম্ভব বলেও আশা প্রকাশ করেন তিনি। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সভাপতি ফখরুদ্দীন আলী আহমেদ বলেন, বিও একাউন্ট খোলার ক্ষেত্রে কর সনাক্ত নম্বর (টিআইএন) বাধ্যতামূলক করা হলে এটি নেতিবাচক প্রভাব ফেলতে পারে। প্রিমিয়ামের ওপর ৩ শতাংশ কর প্রত্যাহারেরও প্রস্তাব করেন তিনি। ডিএসই'র জ্যেষ্ঠ সহসভাপতি আহসানুল ইসলাম বলেন, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কর্পোরেট কর ৪২ দশমিক ৫০ শতাংশ থেকে কমে ৩৭ দশমিক ৫ শতাংশ করা উচিত। এছাড়া ব্রোকারেজ হাউজগুলোর ওপর আরোপিত অগ্রিম আয়কর দশমিক ০৫ শতাংশ থেকে কমিয়ে দশমিক ০২৫ শতাংশ করার সুপারিশ করে উভয় স্টক এক্সচেঞ্জ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এমআই/এএল/এমআই/১৭১৫ ঘ.