ঢাকা, মে ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সপ্তাহের প্রথম দিনে ঢাকার পুঁজিবাজারে ব্যাপক দরপতন হয়েছে। সূচক আড়াইশ পয়েন্ট পড়ে যাওয়ার পাশাপাশি প্রায় সব শেয়ারের দাম কমেছে। বেশিরভাগ শেয়ার ও মিউচুয়াল ফান্ডের দাম কমেছে চট্টগ্রামের পুঁজিবাজারেও ।
রোববার লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ সূচক আগের দিনের চেয়ে ২০৫ দশমিক ৮৭ পয়েন্ট কমে ৫ হাজার ৫১২ দশমিক ২০ পয়েন্ট হয়েছে । হাতবদল হওয়া ২৫৫টি প্রতিষ্ঠানের শেয়ারের মধ্যে দাম কমেছে ২৩৯টির, বেড়েছে ১৩টির এবং ৩টির দাম ছিলো অপরিবর্তিত।
ঢাকা স্টক এক্সচেঞ্জের সভাপতি শাকিল রিজভী বলেন, "আগামী বাজেটে পুঁজিবাজারে বিনিয়োগের লাভের ওপর কর আরোপ এবং টিআইএন বাধ্যতামূলক করার গুঞ্জনের কারণে অনেকে শেয়ার ছেড়ে দিচ্ছেন। এছাড়া মার্চেন্ট ব্যাংকগুলোর বিনিয়োগ সমন্বয়ের সময়সীমা ৩০ জুন। এর প্রভাবও বাজারে পড়ে থাকতে পারে।"
ডিএসইতে সারাদিনে ৪৪০ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার হাতবদল হয়। এর আগের কার্যদিবস-বৃহস্পতিবার লেনদেনের পরিমাণ ছিলো ৪২৬ কোটি টাকা।
এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের দর কমেছে এদিন।
বাজেটের কিছু বিষয় দ্রুত পরিষ্কার করা দরকার- এমন অভিমত দিয়ে শাকিল বলেন, "এতে বিনিয়োগকারীদের ভীতি কমে আসবে।"
পুঁজিবাজারে কালোটাকা বিনিয়োগের সুযোগ দেওয়া এবং মার্চেন্ট ব্যাংকের সমন্বয়ের সময়সীমা বাড়ানো হলে বাজার পরিস্থিতির উন্নতি ঘটতে পারে বলেও আশা প্রকাশ করেন তিনি।
অর্থনীতিবিদ আবু আহমেদও দরপতনের কারণ হিসাবে বাজেট সামনে রেখে নানা গুজবকে চিহ্নিত করেছেন।
তিনি বলেন, "ভীতির কারণেই এই দরপতন। বিনিয়োগকারীদের মধ্যে আস্থার সঙ্কট দেখা দিয়েছে। তাই সবার আগে বিনিয়োগকারীদের জন্য আস্থার পরিবেশ তৈরি করতে হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এএল/এমআই/জেকে/১৯০২ ঘ.
bdnews24