ঢাকা, মে ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এমআই সিমেন্টকে তালিকাভুক্ত না করে সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) সঙ্গে আবার আলোচনায় বসার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ।
ডিএসইর জ্যেষ্ঠ সহ-সভাপতি আহসানুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোমবার বিকালে পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত হয়।
তিনি বলেন, "এসইসির নতুন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ডিএসই সভাপতিই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।"
দুই স্টক এক্সচেঞ্জের কর্মকর্তাদের সঙ্গে আলোচনার পর গত ২৬ এপ্রিল শর্তসাপেক্ষে এমআই সিমেন্টকে তালিকাভুক্ত করার নির্দেশনা জারি করে এসইসি। শর্তে বলা হয়, শেয়ারের দাম ৬ মাসের মধ্যে বরাদ্দমূল্যের নিচে নেমে গেলে পরিচালকদের টাকা থেকে শেয়ারধারীদের ক্ষতিপূরণ দেবে এমআই সিমেন্ট।
এই শর্তে ৫ মে এমআই সিমেন্টকে তালিকাভুক্ত করে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)। ৮ মে সেখানে এ কোম্পানির শেয়ারের লেনদেনও শুরু হয়। অন্যদিকে ডিএসই ওই নির্দেশনা পুনর্বিবেচনার জন্যে এসইসিতে ফেরত পাঠালে এসইসি তা নাকচ করে দেয়।
এমন পরিস্থিতিতে ডিএসইর পরিচালনা পর্ষদ সোমবার সিদ্ধান্ত নেয়, এমআই সিমন্টেকে ঢাকা স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত করা হবে কি না- এসইসি চেয়ারম্যানের সঙ্গে আলোচনার ভিত্তিতে ডিএসই সভাপতিই তা চূড়ান্ত করবেন। ডিএসইর অপর তিন পরিচালক তাকে সহযোগিতা করবেন। প্রসঙ্গটি আর পরিচালনা পর্ষদের আসবে না।
চলতি বছরের শুরুতে বুক বিল্ডিং পদ্ধতির মাধ্যমে বাজার থেকে মোট ৩৩৫ কোটি টাকা মূলধন সংগ্রহ করে এমআই সিমেন্ট।
কিন্তু প্রতিষ্ঠানটির শেয়ার 'অতিমূল্যায়িত'- এমন অভিযোগ ওঠায় গত ২০ জানুয়ারি অর্থমন্ত্রীর নির্দেশে বুক বিল্ডিং পদ্ধতি স্থগিত করে এসইসি। ২৩ জানুয়ারি প্রতিষ্ঠানটির আইপিও (প্রাথমিক দর প্রস্তাব) প্রক্রিয়াও স্থগিত করা হয়। একই কারণে স্থগিত করা হয় মবিল যমুনার আইপিও।
এমআই সিমেন্টের তালিকাভুক্তি নিয়ে ডিএসইর অবস্থান সম্পর্কে এক প্রশ্নের জবাবে এই স্টক এক্সচেঞ্জের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সালাউদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিষয়টি সরাসরি আইনের লঙ্ঘন। এসইসি নির্দেশনা জারির পরে স্টক এক্সচেঞ্জ তা মেনে নিতে বাধ্য। এটি না মেনে ফেরত পাঠানোয় এসইসি ব্যবস্থা নিতে পারে। তবে এসইসি কি করবে বা কি ব্যবস্থা নেবে, সেটা তাদের বিষয়।"
এসইসির সাবেক চেয়ারম্যান ফারুক আহমেদ সিদ্দিকী এ বিষয়ে বলেন, "এসইসি নির্দেশনা জারি করেছে, আর ডিএসই তা মানেনি- এর আগে এ রকম কোনো ঘটনার কথা আমার জানা নেই।"
লেনদেনের অনুমতি পেল তিন কোম্পানি
সোমবারের সভায় বরকতউল্লাহ ইলেকট্রো ডায়নামিক, ইবিএল ফার্স্ট এনআরবি মিউচ্যুয়াল ফান্ড ও সাউথ ইস্ট ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন শুরুর অনুমোদন দিয়েছে ডিএসইর পরিচালনা পর্ষদ। আগামী বৃহস্পতি ও রোববার থেকে এসব প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন শুরু হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/জেকে/২৩০৬
bdnews24