ঢাকা, মে ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদেশি ও বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোকে তাদের মোট ঋণের অন্তত ২ দশমিক ৫ শতাংশ কৃষিখাতে দিতে বলেছে কেন্দ্রীয় ব্যাংক।
আগামী অর্থবছর (২০১১-১২) অর্থ্যাৎ ১ জুলাই থেকে এ নির্দেশ কার্যকর হবে বলে সোমবার বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
সোমবার এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি সব বেসরকারি ও বিদেশি ব্যাংকের প্রধান নির্বাহীদের পাঠিয়েছ কেন্দ্রীয় ব্যাংক।
দেশের অর্থনীতি শক্তিশালী ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে বেসরকারি ও বিদেশি বাণিজ্যিক ব্যাংকগুলোকে কৃষিঋণ সুবিধা বাড়ানোর এ নির্দেশনা দেওয়া হয়েছে।
রাষ্ট্রায়ত্ত্ব ব্যাংক ইতোমধ্যে কৃষিখাতে প্রচুর ঋণ দেওয়ায় এ নির্দেশনা তাদের জন্য প্রযোজ্য হবে না।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তিন মাস পরপর ব্যাংকগুলোর ঋণ কার্যক্রম পর্যালোচনা করা হবে।
এতে বলা হয়, কোনো ব্যাংক তিন মাসে দেওয়া ঋণের দুই দশমিক পাঁচ শতাংশ কৃষিখাতে দিতে ব্যর্থ হলে ওই লক্ষ্য পূরণের অবশিষ্ট তহবিল এক বছরের জন্য কেন্দ্রীয় ব্যাংকে বাধ্যতামূলকভাবে গচ্ছিত রাখা হবে।
তবে ব্যাংকের মোট কৃষি/পল্লী ঋণ বিতরণ লক্ষ্যমাত্রা যাই হোক না কেন, তাদের মোট কৃষি/পল্লী ঋণ বিতরণ পূর্ববতী অর্থবছরের ৩১ মার্চ তারিখের অবস্থাভিত্তিক মোট ঋণ ও অগ্রীমের দুই দশমিক পাঁচ শতাংশ বা তার বেশি হলে তাদের ক্ষেত্রে প্রতিকারমূলক এ ব্যবস্থা গ্রহণ করা হবে না বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
ব্যাংকের কৃষি ঋণ বিভাগের মহাব্যবস্থাপক এস এম মনিরুজ্জামান স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাঠ পর্যায়ে কৃষি/পল্লী ঋণের চাহিদা, এ খাতে ঋণ বিতরণে ব্যাংকের সামর্থ্য ও দক্ষতা, ব্যাংকের মোট ঋণ ও অগ্রীমের পরিমাণ এবং পূর্ববর্তী অর্থবছরে এ খাতে ব্যাংকের নির্ধারিত লক্ষ্যমাত্রা ও অর্জন বিবেচনায় নিয়ে এখন থেকে ব্যাংকগুলো প্রত্যেক অর্থবছরে কৃষি/পল্লী ঋণ বিতরণের একটি যুক্তিসঙ্গত লক্ষ্যমাত্রা নির্ধারণ করবে।
'তবে এই লক্ষ্যমাত্রা পূর্ববর্তী অর্থবছরের ৩১ মার্চ তারিখের অবস্থাভিত্তিক মোট ঋণ ও অগ্রীমের ২ দশমিক ৫ শতাংশের কম হবে না।'
বিদেশি ব্যাংকের কৃষিখাতে বিনিয়োগ নেই
২০০৯-১০ অর্থবছর থেকে সরকারি, বিশেষায়িত, বেসরকারি-বিদেশি সব ব্যাংকের জন্য কৃষি ঋণ বিতরণ বাধ্যতামূলক করেছে কেন্দ্রীয় ব্যাংক। কিন্তু বেসরকারি ও বিদেশি ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংকের ওই নির্দেশনা মানছে না। দু-একটি বিদেশি ব্যাংক এ খাতে নামমাত্র (সামান্য পরিমাণ) ঋণ দিলেও অন্য ব্যাংকগুলো এ খাতে কোনো বিনিয়োগ করছে না।
এ প্রসঙ্গে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অভ্যন্তরীণ খাদ্য উৎপাদন বৃদ্ধির মাধ্যমে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং পল্লী এলাকায় উৎপাদনমুখি কর্মকাণ্ডের প্রসারের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি দারিদ্র্য বিমোচনে কৃষি খাতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অথচ এ খাতে ঋণ ও অগ্রীমের জন্য সুবিধাভোগী পর্যায়ে কার্যত শুধু রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর ওপর নির্ভর করতে হয়। কারণ, অনেক বেসরকারি ও বিদেশি ব্যাংকেরই কৃষি/পল্লী খাতে কোনো বিনিয়োগ নেই। অনেকের নামমাত্র বিনিয়োগ থাকলেও তাদের মোট ঋণ ও অগ্রীমের তুলনায় এই পরিমাণ সন্তোষজনক নয়।
২০০৯-১০ অর্থবছরে রাষ্ট্রায়ত্ত্ব, বিশেষায়িত ও বেসরকারি ও বিদেশি বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে কৃষিখাতে ১১ হাজার পাঁচশ ১২ কোটি ৩০ লাখ টাকা বিতরণ করে কেন্দ্রীয় ব্যাংক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এআরএইচ/পিডি/১৯১৩ ঘ.
bdnews24