২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'কর অবকাশ সুবিধা ২০১৩ সাল পর্যন্ত'

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, সরকার কর অবকাশে বিশ্বাস না করলেও ২০১৩ সাল পর্যন্ত এই সুবিধা দেওয়া হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2011, 10:17 AM

Updated : 24 Aug 2022, 03:05 PM

ঢাকা, মে ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কর অবকাশ সুবিধা ২০১৩ সাল পর্যন্ত অব্যাহত থাকবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তবে সম্পদের ওপরও কর আরোপের ঘোষণা দিয়ে তিনি বলেছেন, এমনভাবে এটি করা হবে যাতে তা মানুষের ওপর বোঝা না হয়। রোববার রাজধানীর একটি হোটেলে জাতীয় রাজস্ব বোর্ড আয়োজিত বাজেট সংক্রান্ত ৩২তম পরামর্শ সভায় অর্থমন্ত্রী এ কথা বলেন। মুহিত বলেন, "আমরা কর অবকাশে বিশ্বাস করি না, এরপরও ২০১৩ সাল পর্যন্ত এই সুবিধা দেওয়া হবে। তবে সবাই এই সুবিধার আওতায় পড়বেন না।" চলতি অর্থ বছরের বাজেটে ঘোষিত কর অবকাশ সুবিধার মেয়াদ শেষ হচ্ছে জুন মাসে। ব্যবসায়ীরা যাতে কর দেওয়ার অভ্যাস গড়ে তুলতে পারেন- সেজন্য হ্রাসকৃত হারে কর আরোপ করার কথা জানান অর্থমন্ত্রী। তিনি বলেন, সম্পদের ওপরও কর আরোপ করা হবে। মুহিতের মতে, বাড়তে থাকা ভূমিমূল্য একটি বড় সমস্যা হয়ে দেখা দিয়েছে। এছাড়া আন্তর্জাতিক বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়ায় আগামী দিনগুলোতে মূল্যস্ফীতি সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে বলেও মনে করেন তিনি। ব্যাংকগুলোর প্রধান কাজ ঋণ বিতরণ হলেও তারা বিনিয়োগমুখী হয়ে পড়ছে মন্তব্য করে মুহিত বলেন, এই প্রবণতা দূর করতে হবে। অর্থমন্ত্রী বলেন, সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা, জাতীয় উৎপাদন বৃদ্ধিতে উদ্দীপনা এবং রপ্তানির হার বৃদ্ধিই তার সরকারের প্রধান লক্ষ্য। রপ্তানি খাত সব ধরনের সুযোগ সুবিধা ভোগ করছে- এমন মন্তব্য করে মুহিত বলেন, "এখন তাদের উচিত দেশকে কিছু দেওয়া।" আগামী অর্থবছরে চট্টগ্রামে বন্ড অফিস খোলার পাশাপাশি শিগগিরই মূল্য সংযোজন কর (ভ্যাট) আইন পাস করা হবে বলেও জানান তিনি। এ বিষয়ে মন্ত্রী বলেন, "নতুন ভ্যাট আইনে অভ্যস্ত হওয়ার জন্য ব্যবসায়ীদের কিছুটা সময় দেওয়া হবে।" সাংসদদের জন্য শুল্কমুক্ত গাড়ি সুবিধা সম্পর্কে অর্থমন্ত্রী বলেন, "এটি আমাদের কাছে লজ্জার বিষয়। আমি সরকারের পক্ষ থেকে সাংসদদের গাড়ি দিতে চেয়েছিলাম, তবে তা পারিনি।" আগামী অর্থবছরে সরকারি-বেসরকারি অংশীদারিত্ব (পিপিপি) প্রকল্পের জন্য ৩ হাজার কোটি টাকা প্রয়োজন জানিয়ে তিনি বলেন, দেশের অবকাঠামোগত উন্নয়নের জন্যই সরকারি-বেসরকারি অংশীদারিত্ব (পিপিপি) দরকার। বিগত সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ের কথা উল্লেখ করে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতির (এফবিসিসিআই) সভাপতি এ কে আজাদ বলেন, সেই সময় অনেক ব্যবসায়ী বিনা কারণেই হয়রানির শিকার হয়েছেন। "তারা নিরপরাধ ব্যবসায়ীদের আটক করে জেলে ঢুকিয়েছিলো।" সুদের হার কমানোর সুপারিশ করে এই ব্যবসায়ী নেতা বলেন, "১৬ থেকে ১৮ শতাংশ সুদের হার অনেক বেশি হয়ে যায়, এটি কমানো উচিত।" শেয়ার বাজার থেকে অনেক বেশি মুনাফা করার পরও ব্যাংকগুলো মাত্রাতিরিক্ত সুদ আদায় করছে বলেও মন্তব্য করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এএল/এমআই/জেকে/১৭১৬ ঘ.