ঢাকা, মে ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনে (এসইসি) আগামী তিন দিনের মধ্যে নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
বৃহস্পতিবার সন্ধ্যায় অর্থ মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, "আমি আর প্রধানমন্ত্রী দুজনই দেশের বাইরে থাকায় এতোদিনেও (এসইসিতে) চেয়ারম্যান নিয়োগ করা যায়নি-এটা দুর্ভাগ্যজনক।"
প্রধানমন্ত্রী ১৫ মে আবার দেশের বাইরে যাওয়ার আগেই নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।
গত ডিসেম্বর-জানুয়ারি সময়ে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্যাপক অস্থিরতার পর কারসাজির অভিযোগে বিক্ষোভ শুরু করে বিনিয়োগকারীরা। পতন ঠেকাতে লেনদেন বন্ধ রাখতে বাধ্য হয় এসইসি। এই অস্থিরতার কারণ তদন্তে গঠিত কমিটি গত ৭ এপ্রিল অর্থমন্ত্রীর কাছে যে প্রতিবেদন দেয় তাতে এসইসির চেয়ারম্যানসহ শীর্ষ পর্যায়ে রদবদলের সুপারিশ করা হয়।
৩০ এপ্রিল প্রতিবেদনটি আনুষ্ঠানিকভাবে প্রকাশের দিন অর্থমন্ত্রী মুহিত সাংবাদিকদের জানান, এসইসি পুনর্গঠনের অংশ হিসেবে চেয়ারম্যানসহ দুই সদস্য পদে রদবদল আনা হচ্ছে। এছাড়া খালি থাকা আরো দুটি সদস্যপদে নতুন নিয়োগ দেওয়া হবে।
বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে তিনি বলেন, এসইসির প্রনর্গঠন প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়ে গেছে। দুইজন সদস্য ইতোমধ্যে পদত্যাগ করেছেন। একজন নিয়োগও পেয়েছেন।
এসইসির পদত্যাগী এই দুই সদস্য হলেন মো. আনিসুজ্জামান ও ইয়াসিন আলী। এদের মধ্যে আনিসুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সরকারের চাপেই তিনি পদত্যাগ করেছেন। প্রশ্ন ওঠে ইয়াসিন আলীর পদত্যাগ নিয়েও।
এই দুই সদস্যের পদত্যাগের আগেই নতুন সদস্য হিসেবে এসইসিতে যোগ দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হেলালউদ্দিন নিজামী। অর্থ মন্ত্রণালয়ের ব্যাংকিং বিভাগের সচিব শফিকুর রহমান পাটোয়ারী জানিয়েছেন, সদস্য হিসেবে শিগগিরই আরো দুজনকে নিয়োগ দেওয়া হবে।
বৃহস্পতিবার সচিবালয়ে তিনি সাংবাদিকদের বলেন, এসইসির চেয়ারম্যান পদে জিয়াউল হক খোন্দকারের বদলে অবিলম্বে নতুন চেয়ারম্যানও নিয়োগ দেওয়া হবে।
তবে চাকলাদার মনসুর আলম বা নব গোপাল বণিক ওই পদে আসছেন বলেও সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানান তিনি।
সাবেক সদস্য আনিসুজ্জামানের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, কাউকে বাধ্য করা হয়নি। পদত্যাগ করা যার যার অধিকার।
'প্রেসে গেল কীভাবে'
এসইসি ও ডিএসইর শীর্ষ কর্মকর্তাদের ব্যাংক হিসাব তলবের বিষয়ে একটি দৈনিকে প্রকাশিত খবরের ব্যাপারে সংবাদ সম্মেলনে প্রশ্ন করা হলে ক্ষোভ প্রকাশ করেন অর্থমন্ত্রী। এ তথ্য গণমাধ্যমের কাছে কীভাবে গেল- তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
বৃহস্পতিবার একটি জাতীয় দৈনিকে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়, এসইসি চেয়ারম্যান জিয়াউল হক খোন্দকার, ডিএসইর সাবেক ও বর্তমান সভাপতি রকিবুর রহমান ও শাকিল রিজভীসহ বাজারসংশ্লিষ্ট ১৫ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব তলব করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
এ বিষয়ে অর্থমন্ত্রী বলেন, "ভেতরের সব বিষয়ই যদি প্রেসের কাছে চলে যায়, তাহলে এনবিআরের সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেলের কাজটা কী?"
যারা এ তথ্য ফাঁস করেছে, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
মুহিত বলেন, দেশের দুই স্টক এক্সচেঞ্জের ডিমিউচুয়ালাইজেশন (মালিকানা থেকে পরিচালনকে আলাদা করা) ও কর সংক্রান্ত বিষয়ে আলোচনার জন্য ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/জেকে/২০২১ ঘ.
bdnews24