ঢাকা, মে ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাট ও পাটজাত পণ্য এবং হিমায়িত খাদ্য সামগ্রী আমদানি-রপ্তানিতে মংলা বন্দর ব্যবহারে ব্যবসায়ীদের উৎসাহিত করার উদ্যোগ নিয়েছে সরকার।
এজন্য এসব খাতের ব্যবসায়ীদের বিশেষ ছাড় দেওয়া হবে। সেইসঙ্গে এ বন্দরে খালি কন্টেইনার সংকট ব্যবসায়ীদের পাশাপাশি সরকারি পর্যায়েও উদ্যোগ নেওয়া হবে।
নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান বৃহস্পতিবার সচিবালয়ে তার কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।
এর আগে তিনি মন্ত্রণালয়ের সভাকক্ষে 'মংলা বন্দর ব্যবহার সংক্রান্ত' এক সভায় সভাপতিত্ব করেন।
নৌ-মন্ত্রী বলেন, মংলা বন্দরে বর্তমানে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে খালি কনটেইনারের সংকট। আমদানি-রপ্তানির ক্ষেত্রে এ বন্দরটি খুব বেশি ব্যবহার না হওয়ায় এ সংকট দেখা দিয়েছে। অথচ চট্টগ্রাম বন্দরে অনেক খালি কনটেইনার পড়ে রয়েছে।
তিনি আরো বলেন, এসব খালি কনটেইনার চট্টগ্রাম থেকে মংলায় স্থানান্তরে মালিক ও ব্যবসায়ীদের উৎসাহিত করা হবে। একইসঙ্গে এসব কনটেইনার চট্টগ্রাম থেকে মংলায় স্থানান্তরে সরকারিভাবেও উদ্যোগ নেওয়া হবে। যাতে ব্যবসায়ীরা খালি পড়ে থাকা এসব কনটেইনার চট্টগ্রাম থেকে মংলায় স্থানান্তর করে এ বন্দরকে সচল করতে সাহায্য করেন।
এ প্রসঙ্গে শাজাহান খান উল্লেখ করেন যে, বর্তমানে খালি পড়ে থাকা ২০ ফুট দৈর্ঘ্যরে একটি কনটেইনার রাখার জন্য চট্টগ্রাম বন্দরে ভাড়া দিতে হয় দৈনিক ১০ মার্কিন ডলার। একই কনটেইনার রাখার জন্য মংলায় দিতে হয় মাত্র এক দশমিক ৫০ ডলার। ৪০ ফুট দৈর্ঘ্যরে কনটেইনারের জন্য মংলায় ভাড়া দিতে হয় তিন ডলার। এজন্য চট্টগ্রামে দিতে হয় ১০ থেকে ১২ ডলার।
এ বন্দরে খালি কনটেইনারের সরবরাহ বাড়াতে ১৫ দিন পর্যন্ত বিনা ভাড়ায় রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
মন্ত্রী জানান, কম নাব্যতার কারণে বর্তমানে মংলা বন্দরে সাত মিটার গভীরতার জাহাজ প্রবেশ করতে পারে। নাব্যতা বাড়িয়ে নয় মিটার গভীরতার জাহাজ চলাচলের উপযোগী করতে ইতোমধ্যে পশুর নদীর খনন কাজের দরপত্র আহ্বান করা হয়েছে। অচিরেই এ কাজ শুরু করা হবে। নাব্যতা বাড়িয়ে বেশি গভীরতার উন্নতমানের জাহাজ চলাচলের উপযোগী করা হবে এ নদীকে।
সভায় ব্যবসায়ীদের পক্ষ থেকে বিভিন্ন সমস্যা তুলে ধরা হয়। তাদের পক্ষ থেকে নাব্যতা সংকট, রপ্তানির জন্য খালি কনটেইনার সমস্যা, কনটেইনার পরিচালনায় আধুনিক সরঞ্জামাদির অভাব ও অটোমেশন পদ্ধতি না থাকার সমস্যার কথা তুলে ধরেন।
মন্ত্রী ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে বিল পরিশোধের ব্যবস্থাসহ এসব সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।
বস্ত্র ও পাট সচিব আশরাফুল মকবুল, মংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান এমএকে আজাদ, বিজেএমসি'র চেয়ারম্যান টিডি মিত্র, বিজেএ'র চেয়ারম্যান মাহফুজুল হক, শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশনের প্রতিনিধি আনোয়ারুল হক তারিকসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠন ও সংস্থার প্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এইচএ/১৮১৩ ঘ.
bdnews24