ঢাকা, মে ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুনর্গঠনের অংশ হিসেবে এসইসিতে নতুন চেয়ারম্যান শিগগিরই নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন অর্থ মন্ত্রণালয়ের ব্যাংকিং বিভাগের সচিব শফিকুর রহমান পাটোয়ারী। তবে এ পদে আসছেন না সিএম আলম কিংবা নব গোপাল বণিক।
শফিকুর বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের বলেন, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ (এসইসি) কমিশনে অবিলম্বে নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হবে।
পুঁজিবাজার তদন্ত সংস্থা এসইসির খোলনলচে বদলে ফেলার সুপারিশ করার পর অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছিলেন, এসইসি চেয়ারম্যানসহ সদস্য পদে পরিবর্তন আনা হবে।
এরপর দুই সদস্য মো. আনিসুজ্জামান ও ইয়াসিন আলী পদত্যাগ করেন। সদস্য হিসেবে নতুন করে নিয়োগ দেওয়া হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হেলালউদ্দিন নিজামীকে। তবে চেয়ারম্যান পদে জিয়াউল হক খোন্দকার এখনো বহাল।
সদস্য পদে আরো দুজনকে নিয়োগ দেওয়া হবে বলে পাটোয়ারী জানান।
আনিসুজ্জামান অভিযোগ করেন, সরকারের চাপে তিনি পদত্যাগ করেছেন। একই কথা উঠে ইয়াসিন আলীর বেলায়ও।
এ বিষয়ে সচিব বলেন, কাউকে বাধ্য করা হয়নি। পদত্যাগ করা যার যার অধিকার।
এসইসিতে নতুন চেয়ারম্যান হিসেবে চাকলাদার মনসুর আলমের নাম উঠে এসেছিলো। তিনি নিয়োগ পাচ্ছেন কি না- জানতে চাইলে শফিকুর বলেন, "এটা এখন গন কেস।"
চেয়ারম্যান হিসেবে নব গোপাল বণিকের নামও আলোচিত হচ্ছে। তার বিষয়ে জানতে চাইলে সচিব বলেন, "না, তিনিও না।"
গ্রামীণ ব্যাংক বিষয়ক প্রতিবেদন বৃহস্পতিবারই আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে বলে জানান শফিকুর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এমআই/১৬৪০ ঘ.
bdnews24