২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিএনজির দাম ৮ টাকা বাড়লো

রূপান্তরিত প্রাকৃতিক গ্যাসের (সিএনজি) দাম ভোক্তা পর্যায়ে প্রতি ঘনমিটার আট টাকা বাড়িয়ে ২৫ টাকা করা হয়েছে। এ দাম বৃহস্পতিবার মধ্যরাত থেকেই কার্যকর হবে। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2011, 10:11 AM

Updated : 24 Aug 2022, 03:04 PM

রূপান্তরিত প্রাকৃতিক গ্যাসের (সিএনজি) দাম ভোক্তা পর্যায়ে প্রতি ঘনমিটার আট টাকা বাড়িয়ে ২৫ টাকা করা হয়েছে। এ দাম বৃহস্পতিবার মধ্যরাত থেকেই কার্যকর হবে।

বৃহস্পতিবার রাজধানীর কারওয়ানবাজারে বিইআরসি কার্যালয়ে এ ঘোষণা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান সৈয়দ ইউসুফ হোসেন।

এ সময় কমিশনের সদস্য মো. ইমদাদুল হক ও সেলিম মাহমুদ উপস্থিত ছিলেন।

বর্তমানে সিএনজির দাম প্রতি ঘনমিটার ১৬ টাকা ৭৫ পয়সা।

ভাড়া বৃদ্ধি পর্যালোচনা করেনি কমিশন

দাম বাড়ানো প্রসঙ্গে ইউসুফ হোসেন বলেন, "দেশের প্রবৃদ্ধির স্বার্থে এবং গ্যাসের সর্বোত্তম ও সুষ্ঠু ব্যবহার নিশ্চিতের লক্ষ্যে এ দাম বৃদ্ধি ন্যায়সঙ্গত এবং যুক্তিযুক্ত।"

তিনি বলেন, "আর্থিকভাবে স্বচ্ছল অথবা বিত্তশালীরা কম দামে এই গ্যাস পাচ্ছে। সিএনজি গ্যাসের দাম কম হওয়ায় গাড়ির সংখ্যা বাড়ছে। এতে যানজটও বাড়ছে।"

সিএনজির দাম বাড়ানোয় গণ পরিবহন ব্যবস্থায় কী প্রভাব পড়বে- সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে চেয়ারম্যান বলেন, "সিএনজির দাম বৃদ্ধিতে বাস-ট্রাকের ভাড়া বাড়বে। তবে কতটা বাড়বে তা পর্যালোচনা করেনি কমিশন ।"

ইউসুফ হোসেন বলেন, "সিএনজি'র দাম বাড়ানোতে সরকারের বছরে এক হাজার ১২১ কোটি টাকা বাড়তি আয় হবে। বর্তমানে এই খাত থেকে এক হাজার ১২৯ কোটি টাকা আয় হয়। এখন মোট দুই হাজার ২৫০ কোটি টাকা আয় হবে।"

এছাড়া সিএনজির বিক্রির অর্থ ২ টাকা ১৪ পয়সা (প্রতিঘনমিটার) গ্যাস উন্নয়ন তহবিলে জমা হবে বলে জানান তিনি।

এর আগে গণশুনানির সময় সব ধরনের গ্রাহকরা দাম না বাড়ানোর দাবি জানায়। তখন কমিশনের পক্ষ থেকে বলা হয়, তাদের কথা বিবেচনা করা হবে। কিন্তু দাম বাড়ানোর ক্ষেত্রে পেট্রোবাংলার প্রস্তাবিত দামের চেয়ে আরো ১০ পয়সা বাড়ানো হয়েছে।

এ ব্যাপারে সাংবাদিকরা জানতে চাইলে উত্তর এড়িয়ে যান কমিশনের চেয়ারম্যান।

'ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত জানানো হবে'

অ্যাসোসিয়েশন অব বাস কোম্পানিজের সভাপতি খন্দকার রফিকুল হোসেন কাজল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দাম বাড়ানোয় হতাশ হয়েছি। পেট্রোবাংলার প্রস্তাব অনুযায়ী হুবহু দাম বাড়ানোয় বিইআরসির গুরুত্ব আছে বলে মনে করি না।"

সিএনজির দাম বাড়ায় গাড়ি ভাড়া বাড়ছে কি না- এ প্রশ্নের উত্তরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সরকারের কাছে ভাড়া বাড়ানোর প্রস্তাব পাঠানো হবে। তারপর অ্যাসোসিয়েশন ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত সবাইকে জানাবে।"

এর আগে কেউ ভাড়া বাড়ালে তাদের বিরুদ্ধে অ্যাসোসিয়েশন ব্যবস্থা নেবে কি না সে ব্যাপারে তিনি বলেন, "সরকার আমাদের কথার কোনো গুরুত্ব দেয়নি। তাই কেউ ভাড়া বাড়ালে তার প্রতিবাদ করা হবে না।"

সিএনজি ফিলিং স্টেশন অ্যাণ্ড কনভার্সন ওয়ার্কশপ ঔনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জাকির হোসেন নয়ন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পেট্রোবাংলার প্রস্তাব অনুযায়ী বিইআরসির এ দাম বাড়ানো অযৌক্তিক। এতে জীবনযাত্রার ব্যয় বাড়বে এবং এর নেতিবাচক প্রভাব সমাজে পড়বে।"

বৃহস্পতিবার সিএনজির বর্ধিত দাম ঘোষণার বিষয়টি বুধবার সাংবাদকিদের জানিয়েছিলেন সৈয়দ ইউসুফ।

গত ৮ মার্চ সিএনজির দাম বাড়ানো নিয়ে বিইআরসির কার্যালয়ে এক গণশুনানি অনুষ্ঠিত হয়।

গত বছরের ১৪ অক্টোবর বাংলাদেশ তৈল, গ্যাস ও খনিজ সম্পদ কর্পোরেশন (পেট্রোবাংলা) বিইআরসির কাছে সিএনজি'র দাম ভোক্তা পর্যায়ে প্রতি ঘনমিটার ১৬ টাকা ৭৫ পয়সা থেকে ৪৮ দশমিক ৬৬ শতাংশ বাড়িয়ে ২৪ টাকা ৯০ পয়সা করার প্রস্তাব দেয়।

ওই প্রস্তাবের ওপর গত ১৭ ফেব্র"য়ারি বিইআরসিতে উন্মুক্ত সভা অনুষ্ঠিত হয় এবং ওই সভায় দাম বাড়ানোর বিষয়টি বিবেচনায় নেওয়া হয়।

সর্বশেষ ২০০৮ সালের এপ্রিলে সিএনজি গ্যাসের দাম বাড়িয়ে ১৬ টাকা ৭৫ পয়সা করা হয়, যা আগে ছিলো সাড়ে ৮ টাকা।