২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বর্ণ ও রেশম শিল্পে অর্থ সহায়তার আশ্বাস বাণিজ্যমন্ত্রীর

স্বর্ণ ও রেশম শিল্পে নগদ আর্থিক সহায়তার আশ্বাস দিয়েছেন বাণিজ্যমন্ত্রী ফারুক খান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2011, 01:40 PM

Updated : 24 Aug 2022, 03:03 PM

ঢাকা, মে ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বর্ণ ও রেশম শিল্পে নগদ আর্থিক সহায়তার আশ্বাস দিয়েছেন বাণিজ্যমন্ত্রী ফারুক খান। বুধবার সচিবালয়ে এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের নেতাদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের মন্ত্রী এ কথা বলেন। অ্যাসোসিয়েশনে নেতারা বিভিন্ন দাবি উত্থাপন করেছেন উল্লেখ করে মন্ত্রী বলেন, বিভিন্ন পর্যায়ে শুল্ক হ্রাস, প্রণোদনা বৃদ্ধি, গ্যাস-বিদ্যুৎ সংযোগসহ ব্যাংকের সুদের হার কমানো এবং বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট স্থাপনে যন্ত্রপাতি আমদানিতে শুল্ক হ্রাস, রেশম ও জুয়েলারি শিল্পে নগদ আর্থিক সহায়তা দেওয়ার প্রস্তাব দিয়েছেন তারা। এছাড়া সংগঠনের নেতারা সুগন্ধী চাল রপ্তানি এবং ফার্নেস অয়েলের দাম কমানোর জন্যও দাবি জানায়। সুগন্ধী চাল রপ্তানির অনুমোদন দিলে অসাধু ব্যবসায়ীদের সাধারণ চাল রপ্তানি করার সম্ভাবনা থাকে উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, রপ্তানিকারকরা যেন অসাধু কোনো কাজ না করে সে ব্যাপারে অ্যাসোসিয়েশনকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে। এক্সপোর্টাস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি আব্দুস সালাম মুশের্দী সাংবাদিকদের জানান, সংগঠনের দাবির ব্যাপারে মন্ত্রী ইতিবাচক মনোভাব ব্যক্ত করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/পিডি/১৯৪৪ ঘ.