ব্রাহ্মণবাড়িয়া, মে ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের ব্যবসায়ীরা কাজ বন্ধের ঘোষণা দেওয়ায় এক সপ্তাহের জন্য বন্ধ হয়ে গেলো আখাউড়া স্থল বন্দর। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরমের আগরতলা সফরের কারণেই এ সিদ্ধান্ত বলে তারা বাংলাদেশের ব্যবসায়ীদের জানিয়েছে।
বুধবার সকাল থেকে ভারতীয় ব্যবসায়ীরা এ বন্দর দিয়ে সব পণ্য পরিবহন ও খালাস বন্ধ করে দিয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশের ব্যবসায়ীরা।
আখাউড়া স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদাক মনির হোসেন বাবুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ভারতীয় ব্যবসায়ী নেতারা আমাদের মৌখিকভাবে জানিয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রীর আগমন উপলক্ষে আখাউড়া বন্দর দিয়ে তারা ১১-১৭ মে পর্যন্ত কোনো ধরনের পণ্য নেবে না।"
চিদাম্বরম ১৭ মে আগরতলা সফরে আসবেন। এ সময় তিনি স্থলবন্দর পরিদর্শন করবেন বলে জানায় আখাউড়া স্থলবন্দর কর্তৃপক্ষ।
আখাউড়া স্থলবন্দর শুল্ক কর্মকর্তা মো. আবুল বাশার বলেন, "স্থলবন্দর বন্ধ থাকার বিষয়টি ভারতীয় শুল্ক কর্মকর্তারা লিখিতভাবে আমাদের জানায়নি। তবে ব্যবসায়ীদের কাছ থেকে মৌখিকভাবে বিষয়টি আমরা শুনেছি।"
এক সপ্তাহ স্থলবন্দর বন্ধ থাকলে বাংলাদেশের প্রায় ৭ কোটি টাকা ক্ষতি হবে বলে জানান শুল্ক কর্মকর্তা ও ব্যবসায়ীরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমআই/১২৪০ ঘ.
bdnews24