ঢাকা, মে ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ থেকে তৈরি পোশাক রপ্তানির ক্ষেত্রে প্রতিবেশি ভারতের নিয়ন্ত্রণ আরোপ করা ঠিক হবে না বলে মনে করে রপ্তানিকারকদের সমিতি এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ।
সমিতি বলছে, দুই দেশের বাণিজ্য ঘাটতি ভারতের অনুকূলে। সেক্ষেত্রে তাদের এমন করা ঠিক হবে না।
সমিতির সভাপতি আব্দুস সালাম মুর্শেদী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানির ক্ষেত্রে শুল্কমুক্ত কোটা ৮০ লাখ পিস থেকে বাড়িয়ে এক কোটিতে উন্নীত করেছে ভারত। তবে এখানে কোনো কোটা বা শুল্ক নিয়ন্ত্রণ রাখা ঠিক নয়।
নয়াদিল্লিতে গতবছর প্রধানমন্ত্রী পর্যায়ের বৈঠকে দুই দেশের বাণিজ্য ঘাটতি কমিয়ে আনার বিষয়ে সিদ্ধান্ত হয়েছিলো।
ওই সিদ্ধান্ত বাস্তবায়নে দুই দেশের সরকারকে এগিয়ে আসতে হবে বলে মন্তব্য করেন মুর্শেদী।
তিনি বলেন, "দুই দেশের মধ্যে টেকসই অর্থনৈতিক সম্পর্ক গড়ে তোলার প্রয়োজনীয়তার বিষয়টি ভারতের কাছে জোড়ালোভাবে উপস্থাপনের জন্য বাংলাদেশের উচিত কূটনৈতিক পথে অগ্রসর হওয়া।"
"ভারত আমাদের কাছে বিভিন্ন বিষয়ে জানতে চেয়েছে। আমাদের পক্ষে তাদের চাহিদা পূরণ করা সম্ভব।"
মুর্শেদী বলেন, এক কোটি পিস তৈরি পোশাকের দাম চার থেকে পাঁচ কোটি ডলার, আমাদের সক্ষমতার তুলনায় এটি কিছুই না।
"ভারতে মধ্যবিত্ত শ্রেণীর মানুষ রয়েছে আনুমানিক ৪৫ কোটি। তাদের চাহিদাও ব্যাপক। সেক্ষেত্রে আমরা কম সময়ে ভালো মানের পণ্য রপ্তানি করতে সক্ষম।"
ভারতের যেকোনো স্থানে সাত দিনের কম সময়ে নিু যাতায়াত খরচে তৈরি পোশাক পৌঁছে দেওয়া সম্ভব বলেও জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এএল/পিডি/১৯৪৪ ঘ.
bdnews24