চট্টগ্রাম, মে ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এসইসি পুনর্গঠন না হওয়া পর্যন্ত লেনদেন বন্ধ রাখাসহ মোট আট দফা দাবিতে সিএসই'তে স্মারকলিপি দিয়েছে চট্টগ্রামের বিনিয়োগকারীদের সংগঠন চিটাগাং ইনভেস্টমেন্ট ফোরাম।
সোমবার দুপুর ১টায় তারা এ স্মারকলিপি দেন। এর আগে নগরীর আগ্রাবাদে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (এসইসি) সংলগ্ন সড়কে পুলিশ পাহারায় বিক্ষোভ মিছিল করে ফোরামের নেতাকর্মীরা।
ফোরামের যুগ্ম আহ্বায়ক এম এ কাদের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শেয়ারবাজারে চলমান চরম সংকটে সাধারণ বিনিয়োগকারীরা জীবন্ত লাশে পরিণত হলেও সরকার নির্লিপ্ত।
"এ অবস্থায় এসইসি পুর্নগঠন না হওয়া পর্যন্ত লেনদেন বন্ধ রাখা এবং বাংলাদেশ ব্যাংক, অর্থ মন্ত্রণালয়, ডিএসই, সিএসই ও মার্চেন্ট ব্যাংকগুলোর মধ্যে সমন্বয় সাধন খুবই জরুরি।"
এসব কারণে আট দফা দাবি জানিয়ে সিএসই'র মাধ্যমে সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে।
আট দফা
আট দফা দাবির প্রথম দফায় বলা হয়েছে- 'পুঁজিবাজার সংক্রান্ত ইব্রাহিম খালেদের তদন্ত প্রতিবেদন অন্তসারশূন্য। এ প্রতিবেদনে সূচক পতনের কারণ নির্ণয় না করে অগ্রাধিকার (প্লেসমেন্ট) শেয়ার কারা নিয়েছে তা নিয়ে অযথা কিছু বিনিয়োগকারীকে দোষি সাব্যস্ত করার চেষ্টা করা হয়েছে। ফলে ওইসব বিনিয়োগকারী বাজার বিমুখ হয়েছেন।'
স্মারকলিপিতে ইব্রাহিম খালেদের তদন্ত প্রতিবেদন প্রত্যাখানের ঘোষণা দেওয়া হয়েছে।
অন্য দফাগুলো হলো- বাংলাদেশ ব্যাংকের গর্ভনরকে তার পদ থেকে সরিয়ে কৃষি ব্যাংকের চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া, পুঁজিবাজারে রাজস্ব বোর্ড ও দুদকের (দুর্নীতি দমন কমিশন) হস্তক্ষেপ বন্ধ করা, মার্চেন্ট ব্যাংক ও ব্রোকারেজ হাউজ থেকে 'ফোর্স সেল' বন্ধ করা, মার্চেন্ট ব্যাংকসহ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের লেনদেন আরো সক্রিয় করা এবং ব্যাংক সুদের হার যৌক্তিক পর্যায়ে নির্ধারণ।
স্মারকলিপির ষষ্ঠ দফাটি হলো- এসইসি পুর্নগঠনের আগ পর্যন্ত ডিএসই ও সিএসই'র লেনদেন বন্ধ রাখা।
সিএসই'র ব্যবস্থাপক (কর্পোরেট ডেভেলপমেন্ট) এ কে এম শাহরুজ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিনিয়োগকারীদের সঙ্গে আধ ঘণ্টার বৈঠক শেষে দেওয়া স্মারকলিপি সিএসই'র পক্ষে আমি গ্রহণ করেছি। স্মারকলিপিটি ইতিমধ্যে এসইসিতে পাঠানো হয়েছে।
এম এ কাদের জানান, বিনিয়োগকারীদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত প্রতিদিন বিক্ষোভ মিছিল করা হবে। পরবর্তীতে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হতে পারে।
স্মারকিলিপি দেওয়ার সময় উপস্থিত ছিলেন ফোরামের আহ্বায়ক আছলাম মোরশেদ, যুগ্ম আহ্বায়ক সরোজ চৌধুরী ও সদস্য চন্দন চৌধুরী প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/পিডি/১৯৩৯ ঘ.
bdnews24