২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওএমএসের চাল উদ্ধার, ডিলারের ভাই গ্রেপ্তার

রাজশাহী মহানগরীর কোর্ট স্টেশন এলাকায় এক ডিলারের বাড়ি থেকে ৭২ বস্তা ওএমএসের চাল উদ্ধার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2011, 01:24 PM

Updated : 24 Aug 2022, 03:02 PM

রাজশাহী, মে ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী মহানগরীর কোর্ট স্টেশন এলাকায় এক ডিলারের বাড়ি থেকে ৭২ বস্তা ওএমএসের চাল উদ্ধার করা হয়েছে। রোববার র‌্যাব-৫ রাজশাহীর রেলওয়ে কলোনী ক্যাম্পের সদস্যরা এ অভিযান চালায়। এসময় রাজপাড়া মোল্লাপাড়ার ওএমএস চালের ডিলার তারেক রহমানের ছোট ভাই আব্দুল মালেককে গ্রেপ্তার করা হয়েছে। র‌্যাব-৫ এর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ওএমএসের বরাদ্দকৃত চাল খোলা বাজারে বিক্রির জন্য সরকারি গুদাম থেকে ডিলার তারেক রহমানকে বরাদ্দ দেওয়া হয়। কিন্তু তিনি কিছু চাল খোলা বাজারে বিক্রি করে বাকী ৭২ বস্তা (৩৫৬৫ কেজি) চাল বেশি মূল্যে বিক্রির জন্য নিজ বাড়িতে নিয়ে রাখেন। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা তার বাড়িতে অভিযান চালায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে তারেক পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে তার ছোট ভাই আব্দুল মালেককে গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত চাল এবং আব্দুল মালেককে নগরীর রাজপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে এবং পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। রাজপাড়া থানার ওসি মোকাররম হোসেন জানান, এ ব্যাপারে তারেককে প্রধান আসামি করে থানায় মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৯২৭ ঘ.