ঢাকা, মে ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারত থেকে মুরগির বাচ্চা ও ডিম আমদানি নিষিদ্ধ ঘোষণার দাবি জানিয়েছে দেশে হাঁস-মুরগির খামার মালিক ও বাচ্চা উৎপাদনকারী ব্যবসায়ীরা।
রোববার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে 'খামার শিল্পের উন্নয়ন' বিষয়ক এক গোলটেবিল বৈঠকে তারা এ দাবি জানান।
খামার মালিক ও ব্যবসায়ীদের সংগঠন 'ব্রিডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ' এ বৈঠকের আয়োজন করে।
সংগঠনের উপদেষ্টা মশিউর রহমান বলেন, "গত পাঁচ বছরে বার্ড ফ্ল'ুর কারণে দেশে পাঁচ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে। চলতি বছরের প্রথম চার মাসেই এ ক্ষতির পরিমাণ প্রায় ৭০০ কোটি টাকা। সরকারের হঠকারি সিদ্ধান্তের কারণে দেশের খামার শিল্প আজ ক্ষতির শিকার হচ্ছে।"
সরকার ভারত থেকে দুটি প্রতিষ্ঠানের মাধ্যমে এক কোটি ডিম ও সমপরিমাণ একদিন বয়সী মুরগির বাচ্চা আমদানির উদ্যোগ নিয়েছে জানিয়ে তিনি বলেন, "এটা এ শিল্পকে চরমভাবে ক্ষতিগ্রস্ত করবে।"
বাংলাদেশ ও ভারতে এ ধরণের মুরগির বাচ্চা ও ডিমের মূল্য প্রায় সমান বলে জানান সংগঠনের সভাপতি কাজী জাহেদুল ইসলাম।
তিনি বলেন, "কিন্তু মুরগি, বাচ্চা ও ডিম রপ্তানির ক্ষেত্রে ভারত ৩০ শতাংশ ভর্তূকি বা প্রণোদনা দিয়ে থাকে। আমদানি কারকরা নানা কৌশলে আমদানি শুল্ক মওকুফ করে নেয়। ফলে তাদের কমিশন বা মুনাফা বেশি হয়। এজন্য তারা দেশে উৎপাদনের চেয়ে আমদানিকে উৎসাহিত করছে।"
সংগঠনের সাধারণ সম্পাদক সাইদুর রহমান বলেন, "জাতিসংঘ খাদ্য ও কৃষি সংস্থার তথ্য অনুযায়ী বার্ড ফ্লু'র জীবানুমুক্ত হতে ভারতের কমপক্ষে ১০ বছর সময় লাগবে। দেশীয় শিল্পকে রক্ষায় ওই সময় পর্যন্ত সেখান থেকে মুরগি, বাচ্চা ও ডিম আমদানি নিষিদ্ধ করা প্রয়োজন।"
সংগঠনের উপদেষ্টা মশিউর রহমানের সঞ্চালনায় বৈঠকে মূল নিবন্ধ উপস্থাপন করেন অতীশ দীপংকর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মুহম্মদ মাহবুব আলী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/কেএমএস/১৬১৫ ঘ.
bdnews24