ঢাকা, মে ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বুক বিল্ডিং পদ্ধতিতে পুঁজিবাজারে আসতে চাওয়া এমআই সিমেন্ট ফ্যাক্টরি লিমিটেডকে তালিকাভুক্ত করেছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)।
বৃহস্পতিবার সকালে এ সিদ্ধান্ত হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন সিএসই'র সহকারী ব্যবস্থাপক আদিল আহমেদ।
এমআই সিমেন্টের প্রধান অর্থ কর্মকর্তা মুক্তার হোসেন তালুকদার সাংবাদিকদের বলেন, "সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) নির্দেশনা মেনেই সিএসই প্রতিষ্ঠানটিকে তালিকাভুক্ত করেছে।"
গত মঙ্গলবার পর্ষদের সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিইসই) এ প্রতিষ্ঠানটিকে তালিকাভুক্ত করতে সম্মত হয়নি। তারা নির্দেশনা পুনর্বিবেচনার জন্য এসইসিকে অনুরোধ জানায়।
এমআই সিমেন্টের শর্ত মেনে গত ২৪ এপ্রিল প্রতিষ্ঠানটিকে শেয়ার বাজারে তালিকাভুক্ত করার বিষয়ে নীতিগতভাবে একমত হয় পুঁজিবাজার নিয়ন্ত্রণ সংস্থা ও দেশের দুই স্টক এক্সচেঞ্জের কর্মকর্তারা।
এমআই সিমেন্টের প্রস্তাবে বলা হয়, শেয়ারের দাম ৬ মাসের মধ্যে বরাদ্দমূল্যের নিচে নেমে গেলে পরিচালকদের টাকা থেকে শেয়ারধারীদের ক্ষতিপূরণ দেওয়া হবে।
প্রস্তাবে আরো বলা হয়, দাম কমে গেলে স্পন্সর পরিচালকেরা যাতে নিজেদের টাকা দিয়ে ক্ষতিপূরণ হিসাবে বাজার থেকে শেয়ার কিনে নিতে পারেন সে জন্য ৫ কোটি টাকা একটি ব্যাংক হিসাবে আলাদা করে রাখা হবে। আইপিও বরাদ্দপ্রাপ্ত কেউ ক্ষতিগ্রস্ত হলে ব্রোকারেজ হাউজ থেকে সার্টিফিকেট নিয়ে কোম্পানিতে জমা দিলে ৭ দিনের মধ্যে শেয়ারের ক্রয়মূল্য বাবদ দেওয়া অর্থ ফেরত পাবেন।
চলতি বছরের শুরুতে বুক বিল্ডিং পদ্ধতির মাধ্যমে বাজার থেকে মোট ৩৩৫ কোটি টাকা মূলধন সংগ্রহ করে এমআই সিমেন্ট।
১০ টাকা অভিহিত মূল্যের প্রত্যেক শেয়ারের বিপরীতে ১০১ টাকা ৬০ পয়সা প্রিমিয়াম আদায় করে তারা। এতে তাদের পিই রেশিও (শেয়ার অনুপাতে আয়) দাঁড়ায় ৫০।
একই প্রক্রিয়ায় ১০ টাকা অভিহিত মূল্যের প্রত্যেক শেয়ারের বিপরীতে বিনিয়োগকারীদের কাছ থেকে ১৪২ টাকা ৪০ পয়সা প্রিমিয়াম নিয়ে বাজার থেকে ৬০৯ কোটি টাকার তহবিল সংগ্রহ করে মবিল যমুনা নামের আরেকটি প্রতিষ্ঠান। ফলে তাদের পিই রেশিও দাঁড়ায় ৭০।
এ দুটি প্রতিষ্ঠানের 'অতিমূল্যায়িত' শেয়ার নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হলে ২০ জানুয়ারি অর্থমন্ত্রীর নির্দেশে বুক বিল্ডিং পদ্ধতি স্থগিত করে এসইসি। ২৩ জানুয়ারি প্রতিষ্ঠান দুটির আইপিও (প্রাথমিক দর প্রস্তাব) প্রক্রিয়াও স্থগিত করা হয়।
বুক বিল্ডিং পদ্ধতি স্থগিত করার পর মোবিল যমুনা ও এম আই সিমেন্ট তাদের তালিকাভুক্তির বিষয়ে সিদ্ধান্তে আসার আবেদন জানালে এসইসির পক্ষ থেকে একটি শর্ত দেওয়া হয়। বলা হয়, শেয়ারের দাম ছয় মাসের মধ্যে ইস্যুমূল্যের নিচে নেমে গেলে কোম্পানির পরিচালকদের পক্ষ থেকে শেয়ার মালিকদের ক্ষতিপূরণ দিতে হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এফএফ/এমআই/১৪২৫ ঘ.
bdnews24