ঢাকা, মে ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যানজটের কারণে প্রতি বছর শুধু কর্মঘণ্টা ও জ্বালানি তেল বাবদে ২০ হাজার কোটি টাকা ক্ষতি হচ্ছে বলে দাবি করেছে বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিকলস ইম্পোর্টার্স এন্ড ডিলার্স অ্যাসোসিয়েশন (বারভিডা)। আর যানজট বৃদ্ধির মূল কারণ হিসেবে প্রাইভেট কারের অনিয়ন্ত্রিত আমদানির বিষয়টিকে দায়ী করছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)।
বুধবার রাজধানীতের আয়োজিত এক সেমিনারে বাপার সেক্রেটারি জেনারেল ইকবাল হাবিব বলেন, প্রতিদিন ২০০ থেকে ২৫০টি নতুন গাড়ি ঢাকা শহরে ঢুকছে। আর এসব প্রাইভেট কারই রাজধানীর ৬৭-৭০ ভাগ যানজটের জন্য দায়ী।
প্রাইভেট কারের এই অনিয়ন্ত্রিত আমদানি বন্ধ করতে না পারলে তা উড়াল পথেও যানজটের কারণ হয়ে দাঁড়াবে বলে মন্তব্য করেন তিনি।
বারভিডার সেক্রেটারি জেনারেল মো. আব্দুল হামিদ শরীফ বলেন, "যানজটের কারণে শুধুমাত্র কর্মঘণ্টা ও জ্বালানি তেল বাবদে বছরে ২৬৮ কোটি ডলার ক্ষতি হয়, দেশি মুদ্রায় যার পরিমাণ দাঁড়ায় প্রায় ২০ হাজার কোটি টাকা।"
বারভিডার পক্ষ থেকে রাজধানীর রূপসী বাংলা হোটেলে 'যানজট নিরসনে আপাতত করণীয়' শীর্ষক এই গোলটেবিল আলোচনার আয়োজন করা হয়।
বাপার সেক্রেটারি জেনারেল যানজট নিরসনে ঢাকার চারপাশের নৌপথ বাড়ানো এবং গণপরিবহন বৃদ্ধির সুপারিশ করেন।
আর বারভিডার সভাপতি আব্দুল মান্নান চৌধুরী খসরু যানজট সহনীয় পর্যায়ে নিয়ে আসার জন্য এলিভেটেড টাওয়ার পার্কিং সিস্টেম, শিল্প কারখানার বিকেন্দ্রীকরণ, রুট ডাইভারসিফিকেশনসহ বেশ কিছু ব্যবস্থার কথা উল্লেখ করেন।
বারভিডা নিজস্ব অর্থায়নে একটি এলিভেটেড টাওয়ার পার্কিং প্রকল্পের জন্য জমি অধিগ্রহণে সরকারের সাহায্য চান তিনি।
এ বিষয়ে আলোচনায় অংশ নিয়ে যোগাযোগ মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য গোলাম মাওলা রনি বলেন, অধিক যানজটপ্রবণ এলাকা হিসেবে নিউমার্কেট, গাউসিয়া ও গুলশান গোলচক্কর এলাকায় সাড়ে ৬শ ফুট করে জায়গা বারভিডাকে টাওয়ার পার্কিংয়ের জন্য দেওয়া যেতে পারে।
তবে এ ক্ষেত্রে গাড়ি ঢোকা-বের হওয়ার সুবিধাসহ টাওয়ারের নিজস্ব বিদ্যুৎ উৎসের প্রয়োজনীয়তার বিষয়ে খেয়াল রাখতে বলেন ঢাকা মহানগর ট্রাফিকের যগ্ম কমিশনার ব্যারিস্টার মাহাবুবুর রহমান।
শ্রম ও জনশক্তি মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান ইস্রাফিল আলম বলেন, "নগরীর মোট আয়তনের মাত্র ৮ ভাগ রাস্তার অর্ধেকটাও ব্যবহার করা যায় না অবৈধ দখলদারদের জন্য। এর পুরোটা ব্যবহার করা গেলেই যানজট অর্ধেক কমে আসবে।"
ঢাকা মাহানগরীর অসহনীয় যানজটের কারণ হিসেবে অবৈধ রিকশাকেও দায়ী করেন বক্তারা। সাবেক যোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা বলেন, ঢাকা শহরে বর্তমানে প্রায় ১৪ লাখ অবৈধ রিকশা রয়েছে।
গোলটেবিল বৈঠকের প্রধান অতিথি নৌ-পরিবহন মন্ত্রী মো. শাহজাহান খান বলেন, "যানজট নিরসনে শহরের চারিদিকে নৌপথ সচল এবং আরো ওয়াটার বাস চালু করা জরুরি। এর সঙ্গে শহরের বিভিন্ন স্থানে স্কুল বাসের সংখ্যা বাড়ানো, ফুটপাত হকারমুক্ত এবং বিপণি বিতানগুলোতে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা করতে হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএমআর/জেকে/০১৪২ ঘ.
bdnews24