২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এসইসিতে নিয়োগের আদেশ হেলালুদ্দিনের হাতে

সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) সদস্য হিসেবে সরকারের নিয়োগ আদেশ পেয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগের অধ্যাপক হেলালুদ্দিন নিজামী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2011, 03:50 PM

Updated : 24 Aug 2022, 02:59 PM

ঢাকা, মে ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) সদস্য হিসেবে সরকারের নিয়োগ আদেশ পেয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগের অধ্যাপক হেলালুদ্দিন নিজামী। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সোমবার বিকেলে ফ্যাক্সের মাধ্যমে আমি এটা পেয়েছি। আশা করছি বুধবার কাজ শুরু করবো।" গত ডিসেম্বর-জানুয়ারিতে পুঁজিবাজারে অস্থিরতার কারণ তদন্তে গঠিত কমিটি গত ৭ এপ্রিল অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের কাছে প্রতিবেদন জমা দেন। এরপর গত শনিবার এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে প্রতিবেদনটি প্রকাশ করা হয়। ওই সংবাদ সম্মেলনেই অর্থমন্ত্রী এসইসির চেয়ারম্যান ও দুজন নতুন সদস্য নিয়োগের কথা জানান। অর্থমন্ত্রী তাদের নাম প্রকাশ না করলেও সরকারি বিভিন্ন সূত্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করে যে, চাকলাদার মনসুরুল আলম এসইসি চেয়ারম্যানের দায়িত্ব পাচ্ছেন। আর সদস্য পদে নিয়োগ দেওয়া হচ্ছে অধ্যাপক হেলালুদ্দিন নিজামী এবং বাংলাদেশ ব্যাংকের সাবেক কর্মকর্তা আমজাদ হোসেনকে। অবশ্য আমজাদ হোসেন সোমবার রাত ৯টা পর্যন্ত নিয়োগের আদেশ হাতে পাননি বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন। বেসরকারি খাতে দেশের প্রথম আর্থিক প্রতিষ্ঠান আইপিডিসির সাবেক এমডি চাকলাদার মনসুর এসইসিতে জিয়াউল হক খন্দকারের স্থলাভিষিক্ত হবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এরআরএইচ/জেকে/২১৪৬ ঘ.