২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথম প্রান্তিকে গ্রামীণফোনের আয় ২০৬৭ কোটি টাকা

বছরের প্রথম প্রান্তিকে ২ হাজার ৬৭ কোটি টাকা রাজস্ব আয় করেছে মোবাইল ফোন সেবা দানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোন। রাজস্বের এই পরিমাণ আগের বছরের একই সময়ের তুলনায় ২১ দশমিক ৩ শতাংশ বা ৩৬৩ কোটি টাকা বেশি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2011, 10:56 AM

Updated : 24 Aug 2022, 02:59 PM

ঢাকা, মে ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বছরের প্রথম প্রান্তিকে ২ হাজার ৬৭ কোটি টাকা রাজস্ব আয় করেছে মোবাইল ফোন সেবা দানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোন। রাজস্বের এই পরিমাণ আগের বছরের একই সময়ের তুলনায় ২১ দশমিক ৩ শতাংশ বা ৩৬৩ কোটি টাকা বেশি। প্রতিষ্ঠানটি বলছে, গ্রাহক সংখ্যা বৃদ্ধি ও মোবাইল ডিভাইস বিক্রির আয় বাড়ায় ভালো প্রবৃদ্ধি অর্জন সম্ভব হয়েছে। বছরের প্রথম তিন মাসে গ্রামীণ ফোনের গ্রাহক বেড়েছে ৩৩ দশমিক ৮ শতাংশ। সোমবার রাজধানীর একটি হোটেলে এক সংবাদ সম্মেলনে গ্রামীণফোনের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। প্রতিষ্ঠানের উপ-প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রধান অর্থ কর্মকর্তা রায়হান শামসি জানান, আয়কর দেওয়ার পর ২০১০ এর প্রথম প্রান্তিকের শতাংশ ১৮ দশমিক ৫ ভাগ মার্জিনসহ ৩১৬ কোটি টাকা মুনাফা হয়েছিল। আর ২০১১ এর একই সময়ে মুনাফা হয়েছে ১৩ দশমিক ৯ শতাংশ মার্জিনসহ ২৮৭ কোটি টাকা। রাজস্ব আয় বাড়লেও ব্যাপক ভর্ভুকি দেওয়ায় মার্জিন কমেছে উল্লেখ করে সংবাদ সম্মেলনে জানানো হয়, চলতি বছরের প্রথম প্রান্তিকে ভর্তুকি দেওয়া হয়েছে ২০৯ কোটি টাকা, যেখানে ২০১০ এর এই সময়ে ভর্তুকি দেওয়া হয়েছিলো ৮১ কোটি টাকা। ২০১১ এর প্রথম প্রান্তিকে নেটওয়ার্ক আধুনিকায়ন এবং ধারণক্ষমতা বৃদ্ধিতে গ্রামীণফোন ২০৬ কোটি টাকা বিনিয়োগ করেছে জানিয়ে শামসি বলেন, প্রতিষ্ঠার পর থেকে গ্রামীণফোন মোট ১৬ হাজার কোটি টাকার বেশি বিনিয়োগ করেছে এবং সরকারি কোষাগারে জমা দিয়েছে ১৯ হাজার ৪৪৬ কোটি টাকা। বিটিআরসির দ্বিতীয় প্রজন্মের (টু-জি) মোবাইল ফোন লাইসেন্স নবায়ন নীতিমালা নিয়ে চারটি মোবাইল প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা হচ্ছে জানিয়ে গ্রাহক সংখ্যায় শীর্ষে থাকা এ প্রতিষ্ঠানের উপ প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, "এ ব্যাপারে টেলিযোগাযোগ মন্ত্রী আশ্বাস দিয়েছেন, অর্থমন্ত্রীর সঙ্গে আলোচনা করে একটি যৌক্তিক ফি ধার্য করা হবে।" সংবাদ সম্মেলনে জানানো হয়, জানুয়ারি-মার্চ সময়ে গ্রামীণফোন আরো ২০ লাখ গ্রাহক পেয়েছে। ফলে তাদের গ্রাহক সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ২০ লাখের কাছাকাছি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এএল/জেকে/১৬৫০ ঘ.