২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অস্থায়ী শ্রমিকেই চলছে সিরাজগঞ্জের পাটকল

অস্থায়ী ভিত্তিতে নিয়োগ পাওয়া শ্রমিক-কর্মচারী দিয়েই চলছে সিরাজগঞ্জে অবস্থিত উত্তরাঞ্চলের সর্ববৃহৎ রাষ্ট্রীয় পাটকল জাতীয় জুট মিলস্ লিমিটেড (কওমি জুট মিলস্)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 May 2011, 10:37 AM

Updated : 24 Aug 2022, 02:59 PM

ইসরাইল হোসেন বাবু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি সিরাজগঞ্জ, মে ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অস্থায়ী ভিত্তিতে নিয়োগ পাওয়া শ্রমিক-কর্মচারী দিয়েই চলছে সিরাজগঞ্জে অবস্থিত উত্তরাঞ্চলের সর্ববৃহৎ রাষ্ট্রীয় পাটকল জাতীয় জুট মিলস্ লিমিটেড (কওমি জুট মিলস্)। শত অসুবিধার মধ্যেও এখানকার শ্রমিকরা দিন গুনছেন চাকরি স্থায়ী হওয়ার আশায়। চার বছর বন্ধ থাকার পর নাম পরিবর্তন করে গত ৯ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাটকলটি উদ্বোধন করেন। বর্তমানে এই পাটকলে প্রায় আড়াই হাজার শ্রমিক কাজ করেন। এবারই প্রথম ২২০ জন নারী শ্রমিক নিয়োগ দিয়েছে পাটকল কর্তৃপক্ষ। এছাড়াও রয়েছে ৪১ জন অস্থায়ী কর্মচারী এবং বাংলাদেশ পাটকল কর্পোরেশনের (বিজেএমসি) নিয়োগ করা ৩৬ জন কর্মকর্তা-কর্মচারী। ৩০ এপ্রিল বিকালে মিল গেটে তাঁত শ্রমিক বহুলী ইউনিয়নের চকচণ্ডি গ্রামের আব্দুল কুদ্দুস (৪৯) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আগেও দীর্ঘদিন এই মিলে কাজ করেছি। কিন্তু মাঝখানে চার বছর বেকার ছিলাম। তিনি জানান, মিলটি চালু হওয়ায় আবার তিনি নিজের কাজে ফিরে এসেছেন। নানা অসুবিধা আছে। শ্রমিক হিসেবে যেসব সরকারি সুবিধা পাওয়ার কথা, তা পাচ্ছে না শ্রমিকরা। তারা ধৈর্য্য ধরে কাজ করে যাচ্ছে সুদিনের আশায়। একই ধরনের অভিব্যক্তি প্রকাশ করেন রায়পুর মহল্লার সাইফুল ইসলাম (৫২), ঝালৈ ইউনিয়নের পাইকোশা গ্রামের গঞ্জের আলী (৫০)। গঞ্জের আলী জানান, মিলে শ্রমিক-কর্মচারীদের জন্য সুপেয় পানি, চিকিৎসা ও বিনোদন ব্যবস্থা, বিশ্রামাগার, ক্যান্টিন, স্যানিটেশন ও শৌচাগারের সু-ব্যবস্থা নেই। আগে যেগুলো ছিল সেগুলো এখন ব্যবহারের অনুপযোগী। সিরাজগঞ্জ শহরের রায়পুরে ৭৫ একর জমির উপর ১৯৬০ সালে প্রতিষ্ঠিত হয় কওমি জুটমিল। এখানে হেসিং, সেকিং ও জুট কার্পেট বেকিং ক্লথ (সিবিসি) এই তিন ধরনের পাটজাত দ্রব্য তৈরি হয়। এরমধ্যে ২৫০টি হেসিং, ২৫০টি সেকিং ও ৩২টি সিবিসি'র লুম রয়েছে। এসব লুম দিয়ে গত ৫ অক্টোবর মিলটি পরীক্ষামূলকভাবে চালু হয়। কওমি জুটমিলের টাইম কিপার ও জাতীয় শ্রমিক লীগ আঞ্চলিক শাখার সভাপতি গাজী ইসমাইল হোসেন এ প্রতিবেদককে জানান, অক্টোবরে মিলটি পরীক্ষামূলকভাবে চালুর সময় এখানে শ্রমিক-কর্মচারীরা দৈনিক ১৬৫ ও ১৩৫ টাকা হারে অস্থায়ী ভিত্তিতে কাজ শুরু করে। তিনি জানান, প্রধানমন্ত্রী উদ্বোধন করার পর চলতি সপ্তাহ থেকে শ্রমিক-কর্মচারীদের মজুরি বাড়িয়ে ১৭৮ টাকা থেকে ১৯৫ টাকা পর্যন্ত করা হয়েছে। শ্রমিকরা অবিলম্বে তাদের নিয়োগ স্থায়ীকরণ এবং জাতীয় মজুরি কাঠামোর আওতায় বেতন ভাতা প্রদানের জন্য সরকারের কাছে দাবি জানান। বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি ও পাটশিল্প শ্রমিক সহিদুল্লাহ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "২০০৬ সালের জানুয়ারিতে সর্বশেষ রাষ্ট্রায়ত্ত খাতের পাটকল শ্রমিকদের মজুরি বৃদ্ধি করা হয়। এটি কার্যকর হয় ২০০৭ সালে।" "কিন্তু ২০০৭ সালেই বাজারে দ্রব্যমূল্যের ব্যাপক ঊর্ধ্বগতি ঘটে। সেই পরিপ্রেক্ষিতে সরকার সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য পে-কমিশন কার্যকর করে। কিন্তু ২০০৬ সালের পর পাটকল শ্রমিকদের মজুরি আর বাড়েনি। বাংলাদেশ পাট কমিশনের সদস্য এই শ্রমিক নেতা বলেন, "বাংলাদেশ জুট মিলস এসোসিয়েশন বা ব্যক্তিমালিকানাধীন পাটকল (বিজেএমএ) শ্রমিকদের অবস্থা আরো ভয়াবহ। তাদের জন্য সর্বশেষ ১৯৮৪ সালে ৫৬০ টাকা মূল মজুরি ধরে মজুরি কমিশন কার্যকর হয়েছিল। তারপর বিশ বছর কেটে গেছে, আজ অবধি সেই মজুরি বৃদ্ধি ঘটেনি।" তিনি জানান, ২০০৭ সালে নিম্নতম মজুরি বোর্ড ব্যক্তিমালিকানাধীন পাটখাতের জন্য মজুরি বৃদ্ধির সুপারিশ করেছিল। কিন্তু নানা কারণে তা আর বাস্তবায়িত হয়নি। পলিথিনের তৈরি জিনিস পরিবেশ-সম্মত না হওয়ায় বর্তমানে বিশ্বব্যাপী পাট ও পাটজাত দ্রব্যের চাহিদা ব্যাপকহারে বাড়ছে। ২০০৯ সালে মৌসুম শুরুর কালে কাঁচা পাটের মূল্য ছিল মণপ্রতি ৯০০-১১০০ টাকা। ২০১০ সালে বাজারে কাঁচা পাটের দাম ২৫০০-২৮০০ টাকা পর্যন্ত উঠে। চলতি বছরেও পাটের দাম চড়া হবে বলে ধারণা করছেন কৃষকরা। সরকারি পাটকল লতিফ বাওয়ানি জুট মিল শ্রমিক ইউনিয়নের (সিবিএ) সভাপতি শহীদুল্লাহ চৌধুরী জানান, গত বছর পাটকলগুলো বেশি দাম দিয়ে পাট কেনার পরও ভলোই লাভ করছে। তিনি বলেন, "ইতোমধ্যে বিশ্ব বাজারে পাটজাত দ্রব্যের মূল্য প্রায় ষাট ভাগ বৃদ্ধি পেয়েছে। এই পরিপ্রেক্ষিতে সরকার চাইলে সামগ্রিকভাবে পাটকল শ্রমিকদের মজুরি বাড়াতে পারে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/১৫২৫ ঘ.