২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৪ বিষয়ে আরো তদন্ত হবে

পুঁজিবাজার অস্থিরতায় তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে ১৪ বিষয়ে অধিকতর তদন্ত করা হবে বলে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2011, 05:35 PM

Updated : 24 Aug 2022, 02:59 PM

ঢাকা, এপ্রিল ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুঁজিবাজার অস্থিরতায় তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে ১৪ বিষয়ে অধিকতর তদন্ত করা হবে বলে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে। শনিবার সন্ধ্যায় অর্থ মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তদন্ত প্রতিবেদন প্রকাশ করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। এ সময় তিনি 'পুঁজিবাজার তদন্ত প্রতিবেদন, ২০১১ সম্পর্কিত বিজ্ঞপ্তি' শিরোনামে একটি লিখিত বক্তব্য তুলে ধরেন। বিজ্ঞপ্তিতে ১৪টি বিষয়ে অধিকতর তদন্তের কথা বলা হয়েছে। এর মধ্যে রয়েছে, ব্যক্তি পর্যায়ে শীর্ষ ৩০ জন প্লেসমেন্টধারীর অর্থ সংস্থান, আন্তসংযোগ নিবিড় পরীক্ষাকরণ; পুঁজিবাজারের মূল্য উল্লম্ফনের সময় যে সমস্ত ট্রেডার মূখ্য ভূমিকা পালন করেছেন, তাদের ভূমিকা পর্যালোচনা করা। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্পদ পুর্নমূল্যায়নের ক্ষেত্রে টেস্ট কেস হিসেবে ৮টি প্রতিষ্ঠানের পুর্নমূল্যায়নের যথার্থতা পুনঃপরীক্ষা করা এবং অনিয়ম পাওয়া গেলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া। সিরিয়াল ট্রেডিং ও কারসাজির সঙ্গে সংশ্লিষ্ট সকলের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত করে এসইসি কর্তৃক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া, শীর্ষ প্লেয়ারদের সন্দেহজনক লেনদেনের ওপর বিস্তারিত তদন্ত করা, অমনিবাস অ্যাকাউন্টের আড়ালে থাকা ছায়া হিসাবগুলো এসইসি'র মাধ্যমে পরীক্ষা করা। কেস স্টাডির মাধ্যমে চিহ্নিত সমস্যা অ্যাকশন কমিটি গঠন করে পরীক্ষা করা হবে। গত ডিসেম্বর ও জানুয়ারিতে শীর্ষ বিক্রেতার তালিকা এসইসি পরীক্ষা করবে। মো. আব্দুস সালাম ও শামীমা শরীফের শেয়ার ব্যবসা তদন্ত হবে। অধিকতর তদন্ত কবে হবে জানতে চাওয়া হলে অর্থমন্ত্রী বলেন, "নতুনদের (এসইসির নতুন চেয়ারম্যান ও সদস্য) বসতে দিন। তাদের দেখতে দিন। অতো অধৈর্য হবেন না।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/পিডি/২৩০৬ ঘ.