২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এসইসি পুনর্গঠনে আসছে নতুন চেয়ারম্যান

পুঁজিবাজার তদন্ত কমিটির পুরো প্রতিবেদন গ্রহণযোগ্য মনে না করলেও সুপারিশ অনুযায়ী এসইসি পুনর্গঠনের কাজ ইতোমধ্যে শুরু করেছে সরকার। সংস্থায় নতুন চেয়ারম্যান নিয়োগ হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী, নতুন সদস্যও আসছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2011, 03:38 PM

Updated : 24 Aug 2022, 02:59 PM

ঢাকা, এপ্রিল ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর)- পুঁজিবাজার তদন্ত কমিটির পুরো প্রতিবেদন গ্রহণযোগ্য মনে না করলেও সুপারিশ অনুযায়ী এসইসি পুনর্গঠনের কাজ ইতোমধ্যে শুরু করেছে সরকার। সংস্থায় নতুন চেয়ারম্যান নিয়োগ হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। নতুন সদস্যও আসছে। পুঁজিবাজার তদন্ত প্রতিবেদন প্রকাশ করে শনিবার সংবাদ সম্মেলন করেন অর্থমন্ত্রী। কৃষি ব্যাংকের চেয়ারম্যান খোন্দকার ইব্রাহিম খালেদ নেতৃত্বাধীন চার সদস্যের কমিটি গত ৭ এপ্রিল তাদের প্রতিবেদন মন্ত্রীকে দেন। সংবাদ সম্মেলনে 'পুঁজিবাজার তদন্ত প্রতিবেদন, ২০১১ সম্পর্কিত বিজ্ঞপ্তি' শিরোনমে একটি লিখিত বক্তব্য তুলে ধরেন অর্থমন্ত্রী। এতে ১১টি পরিশিষ্ট রয়েছে। প্রথম পরিশিষ্টে তদন্ত কমিটির প্রতিবেদনের সংক্ষিপ্ত বর্ণনা দেওয়া হয়েছে। দ্বিতীয় পরিশিষ্টে কমিটির ২৫টি সুপারিশ, তৃতীয় পরিশিষ্টে কমিটির সুপারিশের অতিরিক্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ কর্তৃক সনাক্ত করা ১১টি পর্যবেক্ষণ দেওয়া হয়েছে। চতুর্থ পরিশিষ্টে রয়েছে অবিলম্বে ব্যবস্থা গ্রহণ, পঞ্চম পরিশিষ্টে স্বল্প মেয়াদে (এসইসি পুর্নগঠনের পর এক মাস) ব্যবস্থা গ্রহণ, ষষ্ঠ পরিশিষ্টে মধ্য মেয়াদে (এসইসি পুর্নগঠনের পর চার মাস) ব্যবস্থা গ্রহণ, সপ্তম পরিশিষ্টে কমিটির সুপারিশ অনুযায়ী অধিকতর তদন্ত, অষ্টম পরিশিষ্টে কমিটির পর্যক্ষেণে ফৌজদারি অপরাধ এবং নবম পরিশিষ্টে সরকারের নেওয়া পদক্ষেপগুলো উল্লেখ করা হয়েছে। এসইসি পুনর্গঠনে পদক্ষেপ তদন্ত প্রতিবেদনে বাজার নিয়ন্ত্রণে নিয়ন্ত্রণ সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে (এসইসি) দায়ী করা হলেও এর সঙ্গে দ্বিমত প্রকাশ করেন মুহিত। তবে তিনি বলেন, "সরকার মনে করে, পুঁজিবাজারের ওপর আস্থা নিশ্চিত করতে পুরো এসইসি পুর্নগঠন করা প্রয়োজন। সে লক্ষ্য বাস্তবায়নে সরকার ইতোমধ্যেই পদক্ষেপ গ্রহণ করেছে।" মুহিত এসইসিতে নতুন চেয়ারম্যান নিয়োগের কথা জানালেও কাকে নিয়োগ দেওয়া হয়েছে, তা প্রকাশ করেননি। তিনি বলেন, "নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। এসইসি'র দু'জন নির্বাহী পরিচালকের (আনোয়ারুল কবির ভূঁইয়া ও তারিকুজ্জামান) বিরুদ্ধে সংশ্লিষ্ট চাকরিবিধি অনুযায়ী বিভাগীয় মামলা রুজু, প্রাক্তন (সদস্য মনসুর আলম) ও শীর্ষ নির্বাহীদের ব্যাপারে নিবিড় তদন্তের উদ্যোগ নেওয়া হয়েছে।" তদন্ত কমিটি কাজ শুরুর আগেই আনোয়ারুলকে ওএসডি করা হয়। নতুন চেয়ারম্যানের নাম জানতে চাইলে মুহিত বলেন, "অনেক কিছুই তো বললাম। নামটা না হয় এখন নাই বললাম। দু-একদিন অপেক্ষা করুন, জানতে পারবেন।" "দুই জন সদস্যও নতুন নিয়োগ দেওয়া হবে। এখন যারা আছেন, তাদের চলে যেতে হবে।" বর্তমানে এসইসির চেয়ারম্যান রয়েছেন জিয়াউল হক খোন্দকার। দুজন সদস্য হলেন- ইয়াসিন আলী ও মো. আনিসুজ্জামান। 'সংস্কার কার্যক্রম মূল্যায়ন করবে টাস্কফোর্স' এসইসি পুনর্গঠনের পর কমিটির সুপারিশের আলোকে স্বল্প মেয়াদে (১ মাসের মধ্যে) ১৭টি বিষয়ে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এছাড়া মধ্য মেয়াদে (৪ মাসের মধ্যে) বাস্তবায়নের জন্য সাতটি বিষয় নির্ধারণ করেছে বলে অর্থমন্ত্রী জানান। কমিটির সুপারিশ অনুযায়ী তদন্ত পরবর্তী ধারাবাহিক কাজ অব্যাহত রাখার লক্ষ্যে একটি সার্বক্ষণিক 'যৌথ ইন্সপেকশন দল' গঠন প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি। মুহিত বলেন, "কমিটির সুপারিশ বাস্তবায়নের জন্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের আওতায় সরকার একটি টাস্কফোর্স গঠন করেছে। এ টাস্কফোর্স শুধু প্রতিবেদনের সুপারিশ বাস্তবায়নই পর্যবেক্ষণ ও পরিবীক্ষণ করবে না, তাঁরা পুঁজিবাজারের সংস্কার কার্যক্রমেরও মূল্যায়ন করবে।" কার্যপরিধি চূড়ান্ত করে খুব শিগগিরই এই টাস্কফোর্স ঘোষণা করা হবে বলে জানান মন্ত্রী। তিনি বলেন, "সরকারের নিজস্ব পর্যবেক্ষণ হলো- পুঁজিবাজারের সঙ্গে সংশ্লিষ্ট সংস্থা সমূহের পারস্পরিক সমন্বয়ের অভাব ছিলো। ভবিষ্যতে এ সমন্বয়হীনতা যাতে আর না হয় সে লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক, এসইসি এবং স্টক এক্সচেঞ্জগুলোর মধ্যে যথাযথ সমন্বয়ের জন্য প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গ্রহণ করা হবে।" স্টক এক্সচেঞ্জ ডিমিউচ্যুয়ালাইজেশন প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, "সরকার এক বছর আগে থেকেই স্টক এক্সচেঞ্জ ডিমিউচ্যুয়ালাইজেশনের চেষ্টা চালিয়ে আসছে। সে লক্ষ্যে সরকার স্টক এক্সচেঞ্জকেও সচেতন করেছিলো। কমিটিও এ বিষয়ে সুপারিশ করেছে। এখন স্টক এক্সচেঞ্জ ডিমিউচ্যুয়ালাইজেশনের পক্ষে অবস্থান নিয়েছে। সরকার এতে খুবই আশান্বিত হয়েছে। আলোচনা করে রোডম্যাপ প্রণয়ন করা হচ্ছে। নতুন অর্থবছরে এ প্রক্রিয়াটি শুরু করা হবে।" অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, পুঁজিবাজার তদন্ত কমিটি অনেক ক্ষেত্রে ধারণা ও অনুমানের ওপর ভিত্তি করে সুপারিশ করেছে। টানা দরপতন, বিনিয়োগকারীদের বিক্ষোভ, কারসাজির অভিযোগ- সব মিলিয়ে গত ডিসেম্বর ও জানুয়ারিতে চলা সঙ্কট থেকে উত্তরণের উপায় খুঁজতে পুঁজিবাজার সংশ্লিষ্টদের সঙ্গে দুই দফা বৈঠকের পর ২৬ জানুয়ারি অর্থমন্ত্রী তদন্ত কমিটি গঠন করেন। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর অর্থমন্ত্রী পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ না করার বললেও পরে তা সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়। শনিবার প্রতিদবেদন প্রকাশের সময় অর্থমন্ত্রী জানান, তদন্ত কমিটির প্রতিবেদন হুবহুই প্রকাশ করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এমআই/২১৩০ ঘ.


এ সম্পর্কিত আরো খবর