ঢাকা, এপ্রিল ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকায় মেসিদের নিয়ে প্রদর্শনী ফুটবল ম্যাচ আয়োজনে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে বেক্সিমকো গ্র"প।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন বৃহস্পতিবার জানান, ৬ সেপ্টেম্বর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আর্জেন্টিনা বনাম নাইজেরিয়া প্রীতি ফুটবল ম্যাচ আয়োজনের পুরো ব্যয়ভার বহন করতে রাজি হয়েছে বেক্সিমকো।
তিনি বলেন, "আমরা অনেকগুলো প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলেছি। কিন্তু বেক্সিমকো আমাদের আয়োজনে ভালোভাবে সাড়া দিয়েছে। খরচের পুরোটাই তারা বহন করবে।"
আগামী ২ সেপ্টেম্বর কলকাতায় আর্জেন্টিনা ও নাইজেরিয়া ফুটবল দল একটি প্রদর্শনী ম্যাচ খেলবে। তারই সূত্র ধরে বাফুফে এ দুটি দলকে ঢাকায় আনার সিদ্ধান্ত নেয়।
বুধবার বিকেলে বাফুফের নির্বাহী কমিটির জরুরি সভায় ওই দুই দলের এজেন্টের সঙ্গে চুক্তি করারও সিদ্ধান্ত হয়।
তবে এ জন্য ঠিক কত টাকা খরচ হবে- তা নিশ্চিত করতে পারেননি বাফুফে সভাপতি। বাফুফের ধারণা, প্রায় ৩৫ কোটি টাকা খরচ হতে পারে এ জন্য।
সব কিছু ঠিক থাকলে আর্জেন্টিনা ও নাইজেরিয়া ফুটবল দল ৩ সেপ্টেম্বর ঢাকায় পৌঁছবে বলে জানিয়েছেন বাফুফে কর্মকর্তারা। তারা বলছেন, লিওনেল মেসি, কার্লোস তেভেজ ও অ্যাঞ্জেল ডি মারিয়াকে অবশ্যই আনার কথা চুক্তিকে উল্লেখ করা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/জেকে/০০৫৯ ঘ.
bdnews24