ঢাকা, এপ্রিল ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আন্তর্জাতিক ক্রেডিট রেটিং সংস্থা স্ট্যান্ডার্ড এন্ড পুওরসের (এসএন্ডপি) মূল্যায়নেও স্থিতিশীল অবস্থা ধরে রেখেছে বাংলাদেশ।
বৃহস্পতিবার সংস্থাটির বার্ষিক রেটিং পর্যালোচনা প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের মতো এবারও বিবি মাইনাস রেটিং ধরে রেখেছে বাংলাদেশ।
সম্প্রতি ক্রেডিট রেটিং সংস্থা মুডিসের প্রতিবেদনেও বাংলাদেশের অর্থনীতি সম্পর্কে একই ধরনের মূল্যায়ন করা হয়।
বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তি বলা হয়, প্রবৃদ্ধির সম্ভাবনাময় ধারা এবং দাতাগোষ্ঠীর জোরালো অঙ্গীকারের ভিত্তিতে এসএন্ডপি বাংলাদেশের জন্য বিবি মাইনাস রেটিং বহাল রেখেছে।
এসএন্ডপির প্রতিবেদনে বলা হয়েছে, রাজস্ব আয় বৃদ্ধির ধারা ও সরকারের সংস্কার উদ্যোগ অব্যাহত থাকলে এবং বিনিয়োগ ও জিডিপি প্রবৃদ্ধি তরান্বি^ত হলে বাংলাদেশ আরো ভালো রেটিং পাবে।
সংস্থার এই পর্যালোচনা প্রতিবেদনে বাংলাদেশের অর্থনীতির বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে। এতে বলা হয়েছে, বিবি মাইনাস রেটিং বজায় থাকার অর্থ হলো- বাংলাদেশে দৃঢ় ও স্থিতিশীল অর্থনৈতিক প্রবৃদ্ধি অব্যাহত রয়েছে। উন্নয়ন সহযোগীদের সক্রিয় অংশগ্রণের ফলে ঋণ পরিশোধ ক্ষমতারও উল্লেখযোগ্য উন্নতি হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের বিদেশি মুদ্রার রিজার্ভ ভালো অবস্থায় থাকায় বাংলাদেশের ওপর উন্নয়ন সহযোগীদের আস্থা বেড়েছে বলেও এসএন্ডপির মূল্যায়নে উল্লেখ করা হয়েছে।
এতে বলা হয়েছে, 'সুসংহত রাজস্ব ও মুদ্রানীতি প্রণয়নের ফলে বিগত পাঁচ বছর ধরে বাংলাদেশের প্রকৃত মাথাপিছু জিডিপির প্রবৃদ্ধি হয়েছে গড়ে ৪ দশমিক ৭ শতাংশ। প্রতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি, অবকাঠামোগত উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ, ক্রমবর্ধমান আমদানি, রপ্তানি ও বিনিয়োগ (বিশেষ করে জাহাজ নির্মাণ শিল্প ও তথ্যপ্রযুক্তি খাতে) বাংলাদেশের মধ্যমেয়াদী প্রবৃদ্ধিকে আরো গতিশীল করবে বলেও প্রতিবেদনে পূর্বাভাস দেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/জেকে/২২০৮ ঘ.
bdnews24