ঢাকা, এপ্রিল ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অতি প্রয়োজনীয় বিবেচনায় চাল, ডাল, ভোজ্য তেল, চিনি ও আটা- এই পাঁচটি পণ্যকে জাতীয় পণ্য ঘোষণার জন্য সুপারিশ করেছে সংসদীয় স্থায়ী কমিটি।
বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক শেষে সংসদ ভবনের প্রচার কক্ষে ব্রিফিংয়ে এ কথা জানান কমিটির সভাপতি এ বি এম আবুল কাসেম।
তিনি বলেন, "সাধারণ মানুষের ভোগ্যপণ্যের তালিকায় ওই পাঁচটি পণ্য অতি প্রয়োজনীয় বিবেচনায় আমরা জাতীয় হিসেবে স্বীকৃতি দেওয়ার সুপারিশ করেছি। কিন্তু কোনো মানদণ্ড এখনো ঠিক হয়নি। এর জন্য শিগগিরই প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করা হবে।"
ভারতে এসব পণ্যের দাম অনেক বেশি জানিয়ে কাসেম বলেন, "আমাদের দেশে সরকার বেশি ভর্তুকি দিয়ে এগুলোর মূল্য সহনীয় রেখেছে। এছাড়া এগুলোর দাম সাধারণ মানুষের ক্রয়-ক্ষমতার মধ্যে রাখতে পর্যাপ্ত ভর্তুকি দিতে মন্ত্রণালয়কে পরামর্শ দিয়েছে কমিটি।"
তিনি জানান, ট্রেডিং কর্পোরেশন লিমিটেডকে (টিসিবি) আরো শক্তিশালী ও কার্যকর করতে প্রধানমন্ত্রীও একমত পোষণ করেছেন। পণ্যের দাম সব সময় সাধারণ মানুষের ক্রয়-ক্ষমতার মধ্যে রাখতে টিসিবিকে কার্যকর করতে অর্থ (ফান্ড) বাড়ানোর ওপর কমিটি তাগাদা দিয়েছে।
আসন্ন রমজানে অসাধু চক্র কোনো পণ্যের দাম যাতে বাড়াতে না পারে সেজন্য কমিটি আগে থেকেই প্রস্তুত থাকবে বলে জানান কমিটির সভাপতি।
অন্যদের মধ্যে কমিটির সদস্য ও বাণিজ্যমন্ত্রী ফারুক খান, তহুরা আলী, রুমানা মাহমুদ ও শেখ আফিল উদ্দিন বৈঠকে অংশ নেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমইউএস/এএল/২০৪০ ঘ.
bdnews24