২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দরপতনে বিক্ষোভ পুঁজিবাজারে

ঢাকার পুঁজিবাজারে সপ্তাহের প্রথম দিনের মতো দ্বিতীয় দিনে সোয়া এক ঘণ্টার লেনদেনে সূচক ১১৮ পয়েন্ট হারানোর পর মতিঝিলে বিক্ষোভ করেছে বিনিয়োগকারীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2011, 06:31 AM

Updated : 24 Aug 2022, 02:57 PM

ঢাকা, এপ্রিল ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার পুঁজিবাজারে সপ্তাহের প্রথম দিনের মতো দ্বিতীয় দিনে সোয়া এক ঘণ্টার লেনদেনে সূচক ১১৮ পয়েন্ট হারানোর পর মতিঝিলে বিক্ষোভ করেছে বিনিয়োগকারীরা। দুপুর সাড়ে ১২টার দিকে শতাধিক বিনিয়োগকারী ঢাকা স্টক এক্সচেঞ্জের সামনে রাস্তায় নেমে আসে। তারা স্লোগান দিচ্ছিলো। ওই সময় সড়কে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। দুপুর পৌনে ১টার দিকে বিক্ষুব্ধ বিনিয়োগকারীরা সড়কে দুটি মটর সাইকেল ভাংচুর করলে পুলিশ তাদের লাঠিপেটা করে রাস্তা থেকে হটিয়ে দেয়। রাস্তায় বিনিয়োগকারীরা না থাকলেও ১টা পর্যন্ত সড়কে গাড়ি চলাচল শুরু হয়নি। ঢাকা স্টক এক্সচেঞ্জে গত সপ্তাহেও নিুমুখী প্রবণতা ছিলো। তবে সপ্তাহের শেষদিনে সাধারণ সূচক বেড়েছিলো ৬০ পয়েন্ট। এরপর রোববার সূচক ১১৬ পয়েন্ট কমে দাঁড়ায় ৬০৭৬ পয়েন্ট। সোমবার দুপুর ১২টা ২১ মিনিটে সূচক এ থেকে ১১৮ পয়েন্ট কমে ৫৯৫৭ দশমিক ৪৩ পয়েন্টে দাঁড়িয়েছে। ওই সময় পর্যন্ত ২১২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। রোববার সর্বমোট লেনদেনের পরিমাণ ছিলো ৬৩১ কোটি টাকা। লেনদেন হওয়া ২২৭টি প্রতিষ্ঠানের শেয়ারের দামই কমেছে, বেড়েছে ১৫টির। ২টির দাম অপরিবর্তিত রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এমআই/১৩০৩ ঘ.