২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এমআই সিমেন্টের তালিকাভুক্তি নিয়ে 'ঐকমত্য'

এমআই সিমেন্টের শর্ত মেনে নিয়ে প্রতিষ্ঠানটিকে শেয়ার বাজারে তালিকাভুক্ত করার বিষয়ে নীতিগতভাবে একমত হয়েছেন পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা ও দেশের দুই স্টক এক্সচেঞ্জের কর্মকর্তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2011, 02:52 PM

Updated : 24 Aug 2022, 02:56 PM

ঢাকা, এপ্রিল ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এমআই সিমেন্টের শর্ত মেনে নিয়ে প্রতিষ্ঠানটিকে শেয়ার বাজারে তালিকাভুক্ত করার বিষয়ে নীতিগতভাবে একমত হয়েছেন পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা ও দেশের দুই স্টক এক্সচেঞ্জের কর্মকর্তারা। এমআই সিমেন্টের প্রস্তাবে বলা হয়েছে, শেয়ারের দাম ৬ মাসের মধ্যে বরাদ্দমূল্যের নিচে নেমে গেলে পরিচালকদের টাকা থেকে শেয়ারধারীদের ক্ষতিপূরণ দেওয়া হবে। রোববার সিকিউরিটি এন্ড এক্সচেঞ্জ কমিশনে (এসইসি) দেশের দুই স্টক এক্সচেঞ্জের কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে এই প্রস্তাব নিয়ে আলোচনা হয়। বৈঠকের পর এসইসির সদস্য মো. ইয়াছিন আলী সাংবাদিকদের বলেন, "এমআই সিমেন্টের বিষয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) কর্মকর্তাদের সঙ্গে বৈঠক হয়েছে। ক্ষতিপূরণের মাধ্যমে বাজারে তালিকাভুক্তির বিষয়ে নীতিগত কিছু সিদ্ধান্ত হয়েছে। সংশ্লিষ্ট সবাই এটি মেনে নিয়েছেন।" এমআই সিমেন্টের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম বলেন, "বৈঠকে আমাদের দেওয়া প্রস্তাব মেনে নিয়েছে এসইসি, ডিএসই ও সিএসই।" প্রস্তাবে বলা রয়েছে, দাম কমে গেলে স্পন্সর পরিচালকেরা যাতে নিজেদের টাকা দিয়ে ক্ষতিপূরণ হিসাবে বাজার থেকে শেয়ার কিনে নিতে পারেন সেজন্য ৫ কোটি টাকা একটি ব্যাংক হিসাবে আলাদা করে রাখা হবে। আইপিও বরাদ্দপ্রাপ্ত কেউ ক্ষতিগ্রস্ত হয়ে ব্রোকারেজ হাউজ থেকে সার্টিফিকেট নিয়ে কোম্পানিতে জমা দিলে ৭ দিনের মধ্যে শেয়ারের ক্রয়মূল্য বাবদ দেওয়া অর্থ ফেরত পাবেন। জাহাঙ্গীর আলম বলেন, "প্রাথমিকভাবে ৫ কোটি টাকা রাখা হচ্ছে। প্রয়োজনে আরো অর্থ বরাদ্দ দেওয়া হবে। এছাড়া স্পন্সর পরিচালকদের শেয়ারের ২৫ শতাংশ বা ৭৫ লাখ শেয়ার নিরাপত্তা জামানত হিসাবে 'লকইন' রাখা হবে।' চলতি বছরের শুরুতে বুকবিল্ডিং পদ্ধতির মাধ্যমে বাজার থেকে মোট ৩৩৫ কোটি টাকা তুলে নেয় এমআই সিমেন্ট। ১০ টাকা অভিহিত মূল্যের প্রত্যেক শেয়ারের বিপরীতে ১০১ টাকা ৬০ পয়সা প্রিমিয়াম আদায় করে তারা। এতে তাদের পিই রেশিও (শেয়ার অনুপাতে আয়) দাঁড়ায় ৫০। একই প্রক্রিয়ায় ১০ টাকা অভিহিত মূল্যের প্রত্যেক শেয়ারের বিপরীতে বিনিয়োগকারীদের কাছ থেকে ১৪২ টাকা ৪০ পয়সা প্রিমিয়াম নিয়ে বাজার থেকে ৬০৯ কোটি টাকার তহবিল সংগ্রহ করে মবিল যমুনা নামের আরেকটি প্রতিষ্ঠান। ফলে তাদের পিই রেশিও দাঁড়ায় ৭০। এ দুটি প্রতিষ্ঠানের 'অতিমূল্যায়িত' শেয়ার নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হলে ২০ জানুয়ারি অর্থমন্ত্রীর নির্দেশে বুক বিল্ডিং পদ্ধতি স্থগিত করে এসইসি। ২৩ জানুয়ারি প্রতিষ্ঠান দুটির আইপিও (প্রাথমিক দর প্রস্তাব) প্রক্রিয়াও স্থগিত করা হয়। বুক বিল্ডিং পদ্ধতি স্থগিত করার পর মোবিল যমুনা ও এম আই সিমেন্ট তাদের তালিকাভুক্তির বিষয়ে সিদ্ধন্তে আসার আবেদন জানালে এসইসির পক্ষ থেকে একটি শর্ত দেওয়া হয়। বলা হয়, শেয়ারের দাম ছয় মাসের মধ্যে ইস্যুমূল্যের নিচে নেমে গেলে কোম্পানির পরিচালকদের পক্ষ থেকে শেয়ার মালিকদের ক্ষতিপূরণ দিতে হবে। কিন্তু মোবিল যমুনা তা না মেনে বিকল্প প্রস্তাব দেয়। এতে বলা হয়, শেয়ারের দাম ইস্যুমূল্যের চেয়ে কমে গেলে কেবল প্রাথমিক বরাদ্দপ্রাপ্তদেরই ক্ষতিপূরণ দেবে তারা। এই ক্ষতিপূরণ দেওয়া হবে প্রিমিয়াম হিসাবে নেওয়া টাকা থেকে। কিন্তু ঢাকা স্টক এক্সচেঞ্জ এই শর্তে তালিকাভুক্তিতে আপত্তি জানিয়ে বলে, কোম্পানি আইন অনুযায়ী প্রিমিয়ামের টাকা শেয়ার মালিকদের ক্ষতিপূরণের কাজে ব্যবহার করা যায় না। নিয়ম অনুযায়ী, প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদন গ্রহণের তারিখ থেকে ৭৫ দিনের মধ্যে এসইসিতে তালিকাভুক্ত হতে হয়। সেই হিসেবে ৩১ মার্চ ছিলো প্রতিষ্ঠান দুটির তালিকাভুক্তির শেষ দিন। এ কারণে এসইসি তালিকাভুক্তির জন্য প্রথমে দুই সপ্তাহ, পরে আরো একসপ্তাহ সময় বাড়ানোর ঘোষণা দেয়। এমআই সিমেন্টের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বলেন, "বিনিয়োগকারীদের স্বার্থের কথা চিন্তা করেই আমরা তালিকাভুক্তির সমস্যাটি দ্রুত মিটিয়ে ফেলতে চাই। আমাদের প্রস্তাবে সবপক্ষই সম্মত হয়েছেন। আশা করছি, দ্রুত তালিকাভুক্তি সম্পন্ন হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/জেকে/২০৪৩ ঘ.