চট্টগ্রাম, এপ্রিল ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ওএমএসের চাল বিতরণে কোনো গাফিলতি বরদাশত করা হবে না বলে সতর্ক করেছেন খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী মো. আবদুর রাজ্জাক।
রোববার বিকালে চট্টগ্রাম সার্কিট হাউজে মহানগর খাদ্য এবং ত্রাণ ও পুনর্বাসন অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় খাদ্যমন্ত্রী বলেন, ৪০ থেকে ৫০ টাকা কেজি দরে বিদেশ থেকে চাল কিনে দরিদ্র মানুষের জন্য ২৪ টাকায় দেওয়া হচ্ছে। এ চাল তারা না পেলে অবশ্যই জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
"কয়েকটি স্থানে ডিলাররা বাজারে চাল বিক্রি করে দিচ্ছেন। এসব ঘটনায় জড়িত ব্যক্তি যেই হোন তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। দলীয় কেউ জড়িত থাকলেও তাদের রেহাই দেওয়া হবে না।"
চট্টগ্রামে জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট দিয়ে ওএমএসের চাল বিক্রি তদারকির নির্দেশ দেন আব্দুর রাজ্জাক।
এর আগে সকালে নগরীর দেওয়ানহাট ও হালিশহর এলাকার কেন্দ্রীয় খাদ্য সংরক্ষাণাগার (সিএসডি গোডাউন) এলাকায় নির্মিতব্য গুদাম পরিদর্শনে যান খাদ্য মন্ত্রী।
হালিশহর সিএসডি এলাকায় ২১৮ কোটি টাকা ব্যয়ে মোট ৯১টি নতুন গুদাম নির্মাণ করা হচ্ছে। এর মধ্যে ৭৭টির ধারণক্ষমতা এক হাজার মেট্রিক টন ও ১৪টির ধারণ ক্ষমতা ৫০০ মেট্রিক টন করে।
পাশাপাশি দেওয়ানহাট এলাকায় নির্মিত হচ্ছে নতুন ১৭টি খাদ্যগুদাম।
মত বিনিময় সভায় চট্টগ্রামের জেলা প্রশাসক ফয়েজ আহমদ, খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক আহমদ হোসেন খান, পরিচালক (চলাচল, সংরক্ষণ ও সাইলো বিভাগ) তোফাজ্জেল হোসেনসহ খাদ্য এবং ত্রাণ ও পুনর্বাসন বিভাগের জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমসি/পিডি/২০১০ ঘ.
bdnews24