ঢাকা, এপ্রিল ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশে বিদেশি বিনিয়োগের স্বল্পতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।
বিনিয়োগ চাহিদা মেটাতে গিয়ে অভ্যন্তরীণ উৎস থেকে অর্থ সংগ্রহ করায় ব্যাংকগুলোতে 'অস্থিরতা' সৃষ্টি হচ্ছে বলেও মন্তব্য করেছেন তিনি।
শনিবার বিকেলে রাজধানীর পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) মিলনায়তনে বাংলাদেশ সামাজিক ও অর্থনৈতিক ফোরাম-২০১১-এর উদ্বোধনী অনুষ্ঠান এবং সেমিনারে এ সব কথা বলেন অর্থমন্ত্রী।
'ম্যাক্রো-ইকনোমিক্স পারফরম্যান্স: ভিশন, রিয়ালিটিজ, স্ট্র্যাটেজিস, কন্সট্রেইন্টস এন্ড ফিউচার প্রসপেক্ট' শিরোনামের সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন পিকেএসএফের ব্যবস্থাপনা পরিচালক কাজী মেজবাহউদ্দিন আহমেদ।
তিনি বলেন, ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনায় (২০১১-১৫) দেশে মোট বিনিয়োগের পরিমাণ ধরা হয়েছে ১৩ দশমিক তিন ট্রিলিয়ন টাকা। এর মধ্যে ৯২ দশমিক আট শতাংশ আসবে অভ্যন্তরীণ উৎস থেকে। বাকি সাত দশমিক দুই শতাংশ বিনিয়োগ আসবে বৈদেশিক সূত্র থেকে।
অর্থমন্ত্রী বলেন, বৈদেশিক সূত্রে বিনিয়োগ অনেক কম। এ বিনিয়োগ আরো বেশি হওয়া দরকার।
"বিদ্যুতের ক্ষেত্রে বেসরকারি খাতের ব্যাপক বিনিয়োগ শুরু হয়েছে। যোগাযোগেও হচ্ছে। কিন্তু যারা এসব খাতে বিনিয়োগ করছে তারা অভ্যন্তরীণ উৎস থেকে অর্থ সংগ্রহ করছে। উড়াল সেতুর কাজ যারা করবে তারাও অভ্যন্তরীণ ব্যাংক থেকে অর্থ সংগ্রহের কথা ভাবছে।"
এর ফলে ব্যাংকিক খাতে এক ধরণের অস্থিরতা সৃষ্টি হচ্ছে মন্তব্য করে অর্থমন্ত্রী বলেন, বেসরকারি খাতে বিদ্যুতের যে বিনিয়োগ তার অন্তত ৫০ শতাংশ বিদেশি বিনিয়োগ হওয়া উচিৎ ছিল।
এর আগে দুপুরে অর্থ মন্ত্রণালয়ে সম্পাদকদের সঙ্গে প্রাক-বাজেট আলোচনাসভায় তিনি বলেন, আমাদের প্রচুর বিদেশি বিনিয়োগ প্রায়োজন। দেশে বিদেশি বিনিয়োগের পরিমাণ মোট দেশজ উৎপাদনের (জিডিপি) এক দশমিক চার শতাংশ। এটা তিন শতাংশ হওয়া দরকার।
সেমিনারে মুহিত বলেন, দেশে অর্থনৈতিক বৈষম্য বাড়ছে। এর বিরুদ্ধে এখনই পদক্ষেপ না নিলে পরবর্তীতে প্রবৃদ্ধি থেমে যেতে পারে।
জনসংখ্যা নিয়ন্ত্রণ নিয়ে ক্ষোভ প্রকাশ করে অর্থমন্ত্রী বলেন, জনসংখ্যা নিয়ন্ত্রণ কার্যক্রম সম্পর্কে যথেষ্ট সন্দেহ আছে। এ কার্যক্রমে গাফিলতিও রয়েছে।
সেমিনারে বর্তমানের উচ্চ মূল্যস্ফীতির হার নিয়ে উদ্বেগ প্রকাশ করে পিকেএসএফ চেয়ারম্যান কাজী খলীকুজ্জামান আহমদ বলেন, দেশে খাদ্য মূল্যস্ফীতি এখন ১২ শতাংশের মতো। এটা কমিয়ে সহনীয় মাত্রায় নিয়ে আসতে হবে। না হলে গরীব মানুষের ওপর চাপ পড়বে।
প্রবৃদ্ধি ও মূল্যস্ফীতির মধ্যে সমন্বয় করারও পরামর্শ দেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/পিডি/২০২৪ ঘ.
bdnews24