ঢাকা, এপ্রিল ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুঁজিবাজার তদন্ত কমিটি নিয়ন্ত্রণ সংস্থা এসইসিকে খোলনলচে বদলে দেওয়ার সুপারিশ করলেও এক্ষেত্রে যোগ্য লোক খুঁজে পাচ্ছেন না অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
শনিবার সচিবালয়ে সম্পাদকদের সঙ্গে প্রাকবাজেট আলোচনায় তিনি বলেন, "এসইসি পুনর্গঠন খুবই কঠিন। এটা এমন এক জায়গায় পৌঁছেছে যে কেউ এখন সেখানে বসে বসে কিছু শিখবে, সে সুযোগ কমে গেছে।"
"এসইসির এক জন আইন (বিষয়ক) সদস্য দরকার। মাথা ঠুঁকে এক জনকে পেলাম। কিন্তু তিনি পুঁজিবাজার সম্পর্কে বিশেষ কিছু জানেন না", বলেন অর্থমন্ত্রী।
এক্ষেত্রে চার্টার্ড অ্যাকাউনটেন্টদের পেশাগত মান উন্নত করার চেষ্টা চলছে বলে জানান তিনি।
খোন্দকার ইব্রাহিম খালেদ নেতৃত্বাধীন পুঁজিবাজার তদন্ত কমিটি বাজারে অস্থিরতার জন্য নিয়ন্ত্রণ সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন- এসইসির অদক্ষতাকে দায়ী করেছে। এ জন্য সংস্থাটি পুনর্গঠনের সুপারিশ করেছে তারা।
তবে কমিটির সুপারিশ বাস্তবায়নে 'সরকারের নড়াচড়া কম' বলে বৈঠকে মন্তব্য করেন দৈনিক সংবাদের ভারপ্রাপ্ত সম্পাদক খন্দকার মুনীরুজ্জামান।
বৈঠকে বিদেশি বিনিয়োগ, বাজেট বাস্তবায়নসহ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন অর্থমন্ত্রী।
তিনি বলেন, "আমাদের প্রচুর বিদেশি বিনিয়োগ প্রয়োজন। দেশে-বিদেশি বিনিয়োগের পরিমাণ মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ১ দশমিক ৪ শতাংশ। এটা ৩ শতাংশ হওয়া দরকার।"
বাজেট বাস্তবায়নে দুর্বলতার কথা স্বীকার করে অর্থমন্ত্রী বলেন, "বাজেট বাস্তবায়ন নিয়ে সবসময়ই কথা হয়। বাস্তবায়নে গাফিলতি ও দুর্বলতা দুটোই আছে। তবে এগুলো মোকাবেলা করার চেষ্টা হচ্ছে। কিছুটা সফলতাও এসেছে।"
প্রকল্প প্রণয়ন ও ক্রয় পরিকল্পনা করতে দেরি হওয়ার কারণেই বাজেট বাস্তবায়নে সমস্যা হচ্ছে বলে জানান তিনি।
মন্ত্রী বলেন, এ সরকার দায়িত্ব নেওয়ার সময় বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আকার ছিল ১৮ হাজার কোটি টাকা। আর চলতি অর্থবছরের বাজেটে এডিপির আওতায় বরাদ্দ ৩৮ হাজার ৫০০ কোটি টাকার মধ্যে ৩৫ হাজার কোটি টাকা খরচ হবে। চলতি বাজেটের সমালোচনায় বলা হয়েছিল- এ বাজেট উচ্চাভিলাষী। সরকার উচ্চাভিলাষী ছিলো বলেই এডিপির আকার প্রায় দ্বিগুণ করা সম্ভব হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
প্রতিবছরই এডিপি বাস্তবায়ন পুরোপুরি হয় না- ইংরেজি দৈনিক নিউজ টুডে'র সম্পাদক এ পর্যবেক্ষণ তুলে ধরলে অর্থমন্ত্রী বলেন, "আমাদের উচ্চাভিলাষ থাকবেই। বাস্তবায়ন না করতে পারাটা ব্যর্থতা।"
ইডিপেনডেন্ট সম্পাদক মাহবুবুল আলম বলেন, "সঞ্চয়পত্রে সুদের হার কমানোয় অনেকে শেয়ারবাজারে বিনিয়োগ করে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ বিষয়ে ভাবতে হবে। সামাজিক নিরাপত্তার সুফল কত মানুষ পাচ্ছে, তা নিয়েও ভাবতে হবে।"
বর্তমান অর্থবছরে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) প্রকল্পের জন্য বরাদ্দের অর্থ খরচ না করার বিষয়টি তুলে ধরে এ পরিকল্পনার বাস্তবায়ন নিয়ে সংশয় প্রকাশ করেন দৈনিক সমকাল সম্পাদক গোলাম সারোয়ার।
চ্যানেল আই'র পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ বলেন, "ধান উৎপাদন ধরে রাখতে হলে কৃষিতে ভর্তুকি অব্যাহত রাখতে হবে। কৃষকদের নগদ সহায়তা দেওয়ার পরিবর্তে সার বা অন্য ক্ষেত্রে ভর্তুকির মাধ্যমে এ টাকা দিতে হবে। বীজ উৎপাদনে বিএনডিসির সক্ষমতা বাড়াতে হবে। খাদ্য শস্য সংরক্ষণ গুদাম তৈরি ও অন্যান্য ক্ষেত্রে গ্রাম পর্যায়ে পিপিপি হতে পারে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী বলেন, "যানজটের কারণে ঢাকা শহর বসবাসের অযোগ্য হয়ে যাচ্ছে। এ জন্য আমাদের কত অর্থিক ক্ষতি হচ্ছে তার কোনো হিসাব নেই। তাই যানজট নিরসনে বড় সিদ্ধান্ত নিতে হবে এবং এক্ষেত্রে বিনিয়োগ বাড়াতে হবে।"
প্রয়োজনে ঢাকা সেনানিবাসকে অন্য স্থানে সরিয়ে নেওয়ার সুপারিশ করেন তিনি।
সম্পাদকদের বক্তব্য শোনার পর অর্থমন্ত্রী বলেন, "যোগাযোগ ও বিদ্যুৎ খাতে পিপিপি হয়েছে। এগুলো এখন আসবে। তবে অন্য যে খাতে আমরা সফল হয়নি সেটা হলো ভূমি ডিজিটালাইজেশন। এ খাতে এবার অর্থ যাবে।"
জনপরিবহন খাতের উন্নয়নের প্রয়োজনীয়তা কথা মুহিতও স্বীকার করেন। তবে এক্ষেত্রে দীর্ঘমেয়াদি বিনিয়োগ প্রয়োজন বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এমআই/১৫৫০ ঘ.
bdnews24