'কোনো লাভই হচ্ছে না'
প্রাইভেট কারের সংখ্যা নিয়ন্ত্রণে অসহায়ত্ব প্রকাশ করে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, সিএনজির দাম বাড়িয়ে বা শুল্ক আরোপ করেও কোনো লাভ হচ্ছে না।
তবে তিনি বলেছেন, সিএনজির দাম আবারো বাড়ানো হবে। আর গাড়ির ওপর শুল্ক বাড়ানোর বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।
শুক্রবার অর্থমন্ত্রণালয়ের সম্মেলনে কক্ষে বেসরকারি সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রাক বাজেট আলোচনা শেষে সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, "আমরা এতোই বিত্তশালী যে সিএনজির দাম বাড়িয়ে বা অধিক হারে শুল্ক আরোপ করেও প্রাইভেট কার নিয়ন্ত্রণে কোনো লাভ পাওয়া যাচ্ছে না।"
রাজধানীতে প্রাইভেট কার নিয়েন্ত্রণে সিএনজির দাম বাড়ানোর উদ্যোগ প্রসঙ্গে মন্ত্রী বলেন, "যানজট অসহনীয় হয়ে উঠেছে। তবে এসব ব্যাপারে উদ্যেগ নিলেও বিত্তশালীদের ঠেকানো যাচ্ছে না।"
আগামী বাজেটে প্রাইভেট কার আমদানিতে শুল্ক বাড়ানোর ব্যাপারে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান মুহিত।
গত মার্চে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান জানান, শিগগিরই রূপান্তরিত প্রাকৃতিক গ্যাসের দাম বাড়ানোর ঘোষণা আসছে।
শুক্রবারের আলোচনায় বাজেটের গতানুগতিক ধারা পরিবর্তনের দাবি উঠেছে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, হঠাৎ করেই বাজেটের ধরন পরিবর্তন করা যাবে না। গতানুগতিকতার মধ্যে থেকেই পরিবর্তন চালিয়ে যাওয়া হচ্ছে।
বেসরকারি সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে আবুল মাল আবদুল মুহিত বলেন, বিভিন্ন বিষয়ে তাদের সঙ্গে আলোচনা হয়েছে। শিক্ষা ক্ষেত্রে ২৫ হাজার কোটি টাকা বরাদ্দের প্রস্তাব এসেছে। এ ছাড়া ঝরে পড়া রোধ, শিক্ষকদের নতুন বেতন কাঠামো, স্থানীয় সরকারকে শিক্ষায় সম্পৃক্ত করা, গবেষণায় বরাদ্দ বাড়ানোর পরামর্শ এসেছে।
স্বাস্থ্য ক্ষেত্রে প্যারমেডিকদের সংখ্যা বাড়ানোর প্রস্তাব এসেছে জানিয়ে মন্ত্রী বলেন, স্বাস্থ্য বীমা চালু এবং চিকিৎসকদের ইউনিয়ন পর্যায়ে কীভাবে রাখা যায়- সে বিষয়ে কিছু প্রস্তাব এসেছে সভায়।
এতে উপস্থিত বেসরকারি সংস্থার প্রতিনিধিরা জনসংখ্যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বলেও জানান তিনি।
মুহিত বলেন, আগামী দুই মাসের মধ্যে আদশুমারির প্রাথমিক প্রতিবেদন আসার পর এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে।
ঋণ দেওয়ার ক্ষেত্রে নারীদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, এ ক্ষেত্রে এ বাজেটে কোটা রাখার কথা ভাবা হচ্ছে।
দারিদ্র্য বিমোচন, সবুজায়ন আন্দোলন ও নাগরিক দারিদ্র্য নিয়েও আলোচনা হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, পথশিশু, ভিক্ষুক ও ভাসমান মানুষ শহরগুলোর বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এ ক্ষেত্রে কী ধরনের উদ্যেগ নেওয়া যায়- সে বিষয়ে বেসরকারি সংস্থাগুলোর কাছ থেকে সুপারিশ চাওয়া হয়েছে।
সরকার ব্যবস্থার বিকেন্দ্রীকরণ নিয়েও আলোচনা হয়েছে অর্থমন্ত্রী জানান।
অন্যদের মধ্যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান, অর্থসচিব ড. মোহাম্মদ তারেক, এনবিআর চেয়ারম্যান, অধ্যাপক আব্দুল্লাহ আবু সাঈদ, রাশেদা কে চৌধুরী, বদিউল আলম মজুমদার, আয়শা খানম, কাজী ফারুক আহমেদসহ বিভিন্ন বেসরকারি সংস্থার প্রতিনিধিরা বৈঠকে উপস্থিত ছিলেন।
