২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইইএফ ফান্ডের ১৫ শতাংশ থাকবে নারীদের জন্য

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, উদ্যোক্তাদের জন্য করা ইইএফ ফান্ডের ১৫ শতাংশ নারীদের জন্য সংরক্ষিত রাখা হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2011, 10:24 AM

Updated : 24 Aug 2022, 02:55 PM

ঢাকা, এপ্রিল ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, উদ্যোক্তাদের জন্য করা ইইএফ ফান্ডের ১৫ শতাংশ নারীদের জন্য সংরক্ষিত রাখা হবে। বৃহস্পতিবার সিরডাপ মিলনায়তনে বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। 'নারী উদ্যোক্তা ও জাতীয় বাজেট' শীর্ষক ওই আলোচনা সভায় নারী উদ্যোক্তারা এ দাবি জানান। উদ্যোক্তাদের সুদমুক্ত ঋণ সুবিধা দেওয়ার জন্য ২০০০ সালে সমউদ্যোগ মূলধন তহবিল বা ইকুয়িটি অ্যান্ড এন্ট্রাপ্রিনিয়ার্সশিপ ফান্ড গঠন করা হয়। কোনো উদ্যোক্তা বিনিয়োগের জন্য অর্থের একটি অংশ জোগাড় করে এ তহবিল থেকে অর্থ নিতে পারে। ডব্লিউসিসি'র সভাপতি সেলিমা আহমেদ নতুন বাজেটে নারী উদ্যোক্তা ফান্ড নামে আলাদা ফান্ড প্রতিষ্ঠা করে এতে একশ' কোটি টাকা বরাদ্দ দেওয়ার সুপারিশ করেন। এর পরিপ্রেক্ষিতে অর্থমন্ত্রী বলেন, "এ ফান্ড করতে আন্তঃমন্ত্রণালয় সমস্যাসহ নানাবিধ সমস্যা হবে।" তবে নারীদের খাতভিত্তিক বরাদ্দ বাড়ানো হবে বলে জানান তিনি। ডব্লিউসিসি'র সভাপতি বলেন, "নারী উদ্যোক্তাদের কোনো পরিসংখ্যান নেই। এ পরিসংখ্যান না জানলে সরকারও যথাযথ নীতিমালা প্রণয়ন করতে পারবে না।" নারী উদ্যোক্তাদের পরিসংখ্যান বের করার জন্য গবেষণা সেন্টার করার দাবি জানান তিনি। সভায় কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আতিউর রহমান জানান, নারী উদ্যোক্তাদের প্রাতিষ্ঠানিক ঋণ নিশ্চিতে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানগুলোতে এন্ট্রাপ্রিনিয়ার্স ডেডিকেটেড ডেস্ক স্থাপন করার নির্দেশ দেওয়া হয়েছে। আলোচনা সভায় লিখিত বক্তব্য উপস্থাপন করেন আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক রুবা রুম্মানা। নারী উন্নয়ন নীতিমালা বাস্তবায়নে অপেক্ষা না করে নিজেদের অবস্থান থেকেই কাজ করে যেতে নারীদের প্রতি আহ্বান জানান মুহিত। তিনি বলেন, "নারীর অধিকার পাওয়ার কথা থাকলেও দেখা যাচ্ছে বাস্তবে তার প্রয়োগ নেই। ধীরে ধীরে এটি নিশ্চিত করা হচ্ছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এমআই/১৬২০ ঘ.