রংপুর, এপ্রিল ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রংপুর শহরের মাহীগঞ্জের একটি গুদাম থেকে বুধবার সন্ধ্যায় প্রায় এক হাজার বস্তা ওএমএসের চাল উদ্ধার করেছে র্যাব।
গুদামের মালিক ও ওএমএসের ডিলার পলাতক রয়েছে।
রংপুর র্যাব-এর এএসপি আনোয়ার হোসেন জানান, বুধবার বিকেলে রংপুর শহরের মাহীগঞ্জ এলাকায় ওএমএস ডিলার আসিফ ট্রেডার্সের মালিক আসিফ হোসেন খোলাবাজারে বিক্রি না করে একটি গুদামে গোপনে পাচার করছে জানতে পারে র্যাব।
"মাহীগঞ্জ বাজারে মাহফুজার রহমান ফাত্তার গুদামে অভিযান চালিয়ে সেখানে ট্রাক থেকে ওএমএসের চাল নামানোর সময় ৪৩ বস্তা চালসহ একটি ট্রাক আটক করা হয়।
এরপর ওই গুদাম থেকে প্রায় এক হাজার বস্তা ওএমএসের চাল উদ্ধার করা হয় বলে জানান ওই কর্মকর্তা। খাদ্য বিভাগের সিল মারা কয়েকশ বস্তাও উদ্ধার করেছে র্যাব।
রংপুর শহরে ৩০টি স্থানে ডিলারদের মাধ্যমে ২৪ টাকা কেজি দরে চাল বিক্রি করতে প্রতিজন ডিলারকে তিন টন করে চাল দিচ্ছে খাদ্য বিভাগ।
জেলা খাদ্য কর্মকর্তা সন্তোষ কুমার পন্ডিত জানান, র্যাব এক হাজার বস্তা চাল উদ্ধার করেছে বলে তিনি শুনেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিডি/২২৩৪ ঘ.
bdnews24