ঢাকা, এপ্রিল ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী বাজেটে মোবাইল ফোনের সিমের ওপর থেকে কর প্রত্যাহারের সুপারিশ করেছে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
কমিটির সভাপতি হাসানুল হক ইনু বুধবার সাংবাদিকদের বলেন, "তথ্য প্রযুক্তি পণ্যের ওপর উচ্চ শুল্ক ও কর আরোপ করে ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠা করা কঠিন।
"তাই আগামী বাজেটে মোবাইল ফোনের সিমের ওপর থেকে ধার্য করা ৮০০ টাকা কর সম্পূর্ণ প্রত্যাহারে অর্থমন্ত্রীর কাছে আমি সুপারিশ করেছি।"
তিনি জানান, বুধবার জাতীয় অর্থনৈতিক পরিষদে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের সঙ্গে সংসদীয় স্থায়ী কমিটির সভাপতিদের প্রাক-বাজেট আলোচনা সভায় এ সুপারিশ করা হয়।
বর্তমানে প্রতিটি মোবাইল সিম কার্ডে ৮০০ টাকা করে কর রয়েছে। মোবাইল সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো ভর্তুকি দিয়ে এর চেয়ে কম দামে সিম বিক্রি করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/পিডি/২০২৬ ঘ.
bdnews24