ঢাকা, এপ্রিল ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী জুলাই মাসে বাংলাদেশ টেলিফোন শিল্প সংস্থা (টেশিস) ল্যাপটপ বাজারজাত করবে বলে জানিয়েছেন হাসানুল হক ইনু।
টেশিস প্রতিমাসে ১০ হাজার ল্যাপটপ উৎপাদন করবে। টেশিস তিন মডেলের ল্যাপটপ বাজারজাত করবে। এগুলোর দাম হবে যথাক্রমে ১২, ১৮ ও ২৭ হাজার টাকা।
বুধবার কমিটির ২৭তম বৈঠক শেষে সংসদ ভবনের প্রচারকক্ষে সংবাদ সম্মেলনে এসব তথ্য জাান ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইনু।
আাসন্ন বাজেটে টেলিকম ইন্টারনেট গ্রাহকদের মূল্য সংযোজন করের (ভ্যাট) আওতামুক্ত রাখতে স্থায়ী কমিটি সুপারিশ করবে বলে জাননি তিনি।
ইনু জানান, আগামী বাজেটে টেলিকম খাতে ব্যবহৃত যন্ত্রপাতিসহ অন্যান্য খাতে শুল্ক কমানোর সুপারিশ সংসদীয় কমিটি অর্থ মন্ত্রণালয়ে পাঠাবে।
বৈঠকে ইন্টারনেট ভিত্তিক যন্ত্রপাতির ওপর কর চার শতাংশ ধার্য করার সুপারিশ করা হয়। বর্তমানে যা আট থেকে ৩১ শতাংশ পর্যন্ত আছে। মোবাইল ফোনের হ্যান্ডসেটের বর্তমান সাড়ে ১২ শতাংশ ভ্যাট কমিয়ে ২০০ (ফ্লাট চার্জ) টাকা নির্ধারণেরও সুপারিশ করা হয়েছে।
ইনু বলেন, "বর্তমানে ইন্টারনেট গ্রাহকরা ১৫ শতাংশ ভ্যাট দিয়ে থাকে। গ্রাহকদের এই ভ্যাটের আওতামুক্ত রাখা হলে ইন্টারনেট ব্যবহার বাড়বে। মোবাইল ফোনের ব্যবহার বাড়লে সরকারের রাজস্ব আয়ও বাড়বে। এ কারণেই আসন্ন বাজেটে সিম কার্ড ও হ্যান্ডসেটের ওপর ভ্যাট কমানোর সুপারিশ করেছে কমিটি।"
কমিটির সভাপতি হাসানুল হক ইনুর সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য হুইপ আসম ফিরোজ, মো. আব্দুল কুদ্দুস, খালিদ মাহ্মুদ চৌধুরী, মোয়াজ্জেম হোসেন রতন এবং গোলাম মোস্তফা বৈঠকে অংশ নেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/পিডি/২০৩৩ ঘ.
bdnews24