২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'এমআই সিমেন্টের শেয়ার অতিমূল্যায়িত নয়'

এমআই সিমেন্টের (ক্রাউন সিমেন্ট) শেয়ার অতিমূল্যায়িত নয় বলে দাবি করেছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2011, 01:59 PM

Updated : 24 Aug 2022, 02:55 PM

ঢাকা, এপ্রিল ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এমআই সিমেন্টের (ক্রাউন সিমেন্ট) শেয়ার অতিমূল্যায়িত নয় বলে দাবি করেছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর আলম। বিপুল বিনিয়োগকারীর স্বার্থ রক্ষায় প্রতিষ্ঠানটি দ্রুত তালিকাভুক্তির ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়ে তিনি জানান, এ জন্যে এসইসির যে কোনো যুক্তিসঙ্গত প্রস্তাবনা তারা মেনে নিতে প্রস্তুত। বুধবার দুপুরে রাজধানীর একটি হোটেল সংবাদ সম্মেলনে এমআই সিমেন্টের আর্থিক বিবরণী তুলে ধরে জাহাঙ্গীর আলম বলেন, এমআই সিমেন্ট একটি প্রতিষ্ঠিত ও লাভজনক প্রতিষ্ঠান। প্রাথমিক দর প্রস্তাব থেকে শুরু করে পুরো কার্যক্রমে কোন ক্রুটি নেই। গত জানুয়ারিতে পুঁজিবাজারে রেকর্ড ধসের পর অর্থমন্ত্রীর নির্দেশে অতিমূল্যায়িত বলে সমালোচিত বুকবিল্ডিং পদ্ধতিতে বাজারে আসা মবিল যমুনা ও এমআই সিমেন্টের তালিকাভুক্তির প্রক্রিয়া স্থগিত করা হয়। প্রাথমিক শেয়ারের মূল্য নির্দেশক মূল্যসীমার নিচে নেমে গেলে বিনিয়োগকারীদের ক্ষতিপূরণ দেওয়া হবে- এরকম শর্তে তালিকাভুক্তির জন্য এসইসি অনুমোদন দিলেও তাতে রাজি হয়নি ডিএসই। তালিকাভুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় মবিল যমুনার দুই দফা ও এমআই সিমেন্টের একদফা মেয়াদ বৃদ্ধি করা হয়। বুধবার জাহাঙ্গীর আলম জানান, তিন কোটি শেয়ার বিক্রির জন্যে প্রতি শেয়ারের নির্দেশক মূল্য ৯৩ টাকা এসইসি অনুমোদন করে। নিয়ম অনুযায়ী প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের আহ্বান জানানো হলে ২০৮টি প্রতিষ্ঠান দর প্রস্তাবে অংশ নেয়। তারা ২০% বাড়িয়ে ১১১.৬০ টাকায় শেয়ার ক্রয়ের প্রস্তাব করে। এর ভিত্তিতে আইপিও আহবান করা হয়। "বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় এসইসির কাছে আমরা দুইদফা অঙ্গীকার দিয়েছি। এর মধ্যে বাজারে আসার এক মাসের মধ্যে বিক্রিত মূল্যের চেয়ে বাজার মূল্য কমে গেলে, শেয়ার হোল্ডারদের কাছ থেকে বিক্রয়মূল্যে কিনে নেবে। "পরে এসইসি পুনরায় শর্ত দেয়- বিক্রির ৬ মাসে যতটুকু কমবে, ততটুকু আর্থিক ক্ষতি প্রাথমিক শেয়ার হোল্ডারদের প্রতিষ্ঠান থেকে দেওয়া হবে।উভয়শর্তেই আমরা রাজি ছিলাম। কিন্তু সেগুলোও কার্যকর হয়নি।" চলতি বছরের মার্চ পর্যন্ত প্রতিষ্ঠানটির অনীরিক্ষিত শেয়ার প্রতি আয় (পিই) ১৫.১৪ টাকা, ইপিএস ৫.৫৩ টাকা বলে আয়োজকরা জানান। অভিহিত মূল্য ১০ টাকা ও মার্কেট লট ১০০টি শেয়ারে এমআই সিমেন্ট বাজার থেকে ৩৩৪ কোটি ৮০ লাখ টাকা সংগ্রহ করেছে। তালিকাভুক্তির মেয়াদ আরো একমাস বাড়ানোর জন্যে গত ১৮ এপ্রিল আবেদন করা হয়েছে বলে তিনি জানান। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক খবির উদ্দিন মোল্লা, নির্বাহী পরিচালক এ বি মিদ্দিক, পরিচালক এম এ রউফ, মিজানুর রহমান, মোল্লা মোহাম্মদ মজনু, মো.আলমগীর কবির প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/পিডি/১৯৫৫ ঘ.