ঢাকা, এপ্রিল ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-ভারতের বাণিজ্যমন্ত্রী আনন্দ শর্মা দুদিনের সফরে আগামী শনিবার ঢাকা আসছেন। দুদেশের অর্থনৈতিক সম্পর্ক জোরদারই তার এ সফরের উদ্দেশ্য।
বুধবার পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।
তিনি বলেন, "প্রতিবেশী দেশের সঙ্গে আমরা আরো জোরালো বাণিজ্য সম্পর্ক গড়তে চাই।"
সফরকালে ভারতীয় মন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাণিজ্যমন্ত্রী মুহাম্মদ ফারুক খানের সঙ্গে বৈঠকে মিলিত হবেন। এছাড়া তিনি এফবিসিসিআই আয়োজিত মধ্যাহ্ন ভোজসভায় যোগ দেবেন।
আনন্দ শর্মা ৩৩-সদস্যের ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন, যাতে সরকারের দুজন সচিব ও ২১ জন ব্যবসায়ী রয়েছেন।
বাণিজ্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, ভারতীয় বাণিজ্যমন্ত্রীর সঙ্গে আলোচনায় সেদেশের বাজারে ৬১টি পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার চাইবে বাংলাদেশ।
ওই কর্মকর্তা আরো বলেন, এছাড়া ভারতের বাজারে বাংলাদেশি পণ্য প্রবেশের ক্ষেত্রে নন-ট্যারিফ ও প্যারা-ট্যারিফ বাধা অপসারণের বিষয়েও ঢাকা আলোচনা করবে। বাংলাদেশি পণ্যের ক্ষেত্রে প্রায়শ ভারতীয় কাস্টমস কর্তৃপক্ষ এ ধরনের শুল্ক আরোপ করে থাকে।
বর্তমানে দুদেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির আওতায় ভারতের বাজারে বাংলাদেশ বছরে শুধুমাত্র ৮০ লাখ পিস তৈরি পোষাকের ক্ষেত্রে শুল্কমুক্ত প্রবেশাধিকার পেয়ে থাকে।
বাংলাদেশ দীর্ঘদিন ধরে ভারতীয় বাজারে ৬১টি বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার দাবি করে আসছে।
সরকারি হিসাব অনুযায়ী, ২০০১-০২ অর্থবছরে বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্য ব্যবধান ছিল ৯৬ কোটি ৮৭ লাখ ১০ হাজার ডলার, যা ভারতের অনুকূলে। ওই সময় বাংলাদেশ ৫ কোটি ১ লাখ ৯০ হাজার ডলারের পণ্য ভারতে রপ্তানি করে। আর ভারত থেকে পণ্য আমদানি করে ১০১ কোটি ডলারের।
দুদেশের মধ্যে এই বাণিজ্য ব্যবধান ২০০৯-১০ অর্থবছরে ৩শ' কোটি ডলার ছাড়িয়ে যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এইচএ/১৯২৬ ঘ.
bdnews24