২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রবাসী কল্যাণ ব্যাংকের যাত্রা শুরু বুধবার

বিদেশে চাকরিপ্রার্থীদের স্বল্প সূদে ও সহজ শর্তে ঋণদান এবং প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের অর্থ বৈধপথে দ্রুত দেশে পৌঁছে দেওয়ার অঙ্গীকার নিয়ে বহুল প্রতিক্ষিত প্রবাসী কল্যাণ ব্যাংকের যাত্রা শুরু হচ্ছে বুধবার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2011, 03:57 PM

Updated : 24 Aug 2022, 02:54 PM

ঢাকা, এপ্রিল ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদেশে চাকরিপ্রার্থীদের স্বল্প সূদে ও সহজ শর্তে ঋণদান এবং প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের অর্থ বৈধপথে দ্রুত দেশে পৌঁছে দেওয়ার অঙ্গীকার নিয়ে বহুল প্রতিক্ষিত প্রবাসী কল্যাণ ব্যাংকের যাত্রা শুরু হচ্ছে বুধবার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যাংকটির প্রথম চারজন ঋণ-গ্রহীতার হাতে চেক তুলে দিয়ে আনুষ্ঠানিকভাবে এর কার্যক্রম উদ্বোধন ঘোষণা করবেন। এ চারজনের মধ্যে তিনজনই নারী কর্মী। বুধবার এশিয়ার ১১টি জনশক্তি রপ্তানিকারক দেশের মন্ত্রী পর্যায়ের সম্মেলন 'কলম্বো প্রসেস' এর উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকটির কার্যক্রম শুরুর ঘোষণা দেওয়া হবে। রাজধানীর সোনারগাঁও হোটেলে সকাল সাড়ে ন'টায় এ সম্মেলনের উদ্বোধন হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সূত্র জানায়, ভিন্ন ধারার বিশেষায়িত এ ব্যাংকটির কার্যকরি মূলধনের পরিমাণ হবে ৪০০ কোটি টাকা। তবে প্রাথমিকভাবে ১০০ কোটি টাকা পুঁজি নিয়ে ব্যাংকটির কার্যক্রম শুরু হবে। এরমধ্যে পাঁচ কোটি টাকা এসেছে সরকারি অনুদান থেকে। বাকী ৯৫ কোটি টাকার যোগান দেওয়া হয় প্রবাসী কল্যাণ তহবিল থেকে। ৭০-৭১ ইস্কাটনের 'ওয়ানস্টপ সার্ভিস' ভবনে এ ব্যাংকের স্থায়ী প্রধান কার্যালয় হবে। পুরোপুরি প্রস্তুত না হওয়ায় ওই ভবনে এখনই ব্যাংকের কার্যক্রম শুরু হবে না, হবে তিনমাস পর। আপাতত মিরপুরে দারুস সালাম রোডে বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে এর অস্থায়ী কার্যালয় থাকবে বলে জানিয়েছেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সিএম কয়েস সামি। তিনি আরো বলেন, বিভিন্ন কারণে দেশে ফিরে আসা শ্রমিকদেরও ব্যবসার জন্য ঋণ দেওয়া হবে এ ব্যাংক থেকে, যাতে গ্রামীণ অর্থনীতি চাঙ্গা হয়। এজন্য ঋণের শর্ত হিসেবে তাদের ন্যুনতম কিছু 'বন্ধক' রাখতে হবে। কেউ কিছু বন্ধক রাখতে না পারলে তাদের জন্য 'সুপারভাইজারি ঋণে'র ব্যবস্থা করা হবে। অবশ্য লিবিয়া ফেরত বাংলাদেশিদের জন্য ঋণের ক্ষেত্রে এসব বিষয়কে প্রাধান্য দেওয়া হবে না। এক্ষেত্রে 'পুনর্বাসন প্যাকেজ' নামে পৃথক ঋণের ব্যবস্থা করা হবে। পুনর্বাসিত করে দেশের অর্থনীতিতে ভূমিকা রাখার জন্য তাদেরকে যোগ্য করে তোলা হবে। সিএম কয়েস সামি আরো বলেন, ব্যাংকের পক্ষ থেকে ঋণ গ্রহীতাদের পরামর্শও দেওয়া হবে। যাতে প্রবাসীদের কষ্টার্জিত অর্থ অনুন্নয়নশীল খাতে ব্যয় না হয়, কোনোভাবেই অপচয় না হয়। ব্যাংকের চেয়ারম্যান ও প্রবাসী কল্যাণ সচিব জাফর আহমেদ খান জানান, এই ব্যাংক থেকে ঋণের জন্য গৃহীতাদের ৯ শতাংশ হারে সুদ দিতে হবে। ঋণ নিতে আগ্রহীদের শুধু বিদেশে চাকরির নিয়োগপত্রের কপি জমা দিতে হবে। একইসঙ্গে দিতে হবে বৈধ ব্যাংকিং চ্যানেলে প্রবাসের আয়ের অর্থ দেশে পাঠানোর নিশ্চয়তাও। ঋণের কিস্তির অর্থ প্রত্যেক মাসের পাঠানো অর্থ থেকে কেটে নেওয়া হবে। জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বায়রার মহাসচিব আলী হায়দার চৌধুরী বলেন, এ ব্যাংক প্রতিষ্ঠা একটি সুন্দর ও ঐতিহাসিক উদ্যোগ এতে দেশ লাভবান হবে। ২০১০ সালের অক্টোবরে জাতীয় সংসদে প্রবাসী কল্যাণ ব্যাংক আইন করা হয়। এরআগে ২০০৯ সালের ১২ ফেব্র"য়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে জনশক্তি রপ্তানি এবং রেমিটেন্স বিষয়ে বক্তব্য দেওয়ার সময় প্রবাসী কল্যাণ ব্যাংক প্রতিষ্ঠার ঘোষণা দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এইচএ/২১৫৩ ঘ.