ঢাকা, এপ্রিল ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুঁজিবাজারে অস্থিরতার কারণ তদন্তে গঠিত কমিটির প্রতিবেদন 'যৌক্তিক' সময়ের মধ্যে প্রকাশ করতে সরকারকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
একটি রিট আবেদনে বিচারপতি সৈয়দ মো. জিয়াউল করিম ও বিচারপতি এএনএম বশিরউল্লাহর বেঞ্চ মঙ্গলবার এ নির্দেশ দেয়।
তদন্ত প্রতিবেদন প্রকাশ এবং দোষীদের গ্রেপ্তারসহ আইনগত ব্যবস্থা নিতে সরকারের প্রতি আদেশ চেয়ে সোমবার এ রিট আবেদন করে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ।
যৌক্তিক সময় বলতে আদালত কী বোঝাতে চেয়েছে- জানতে চাইলে সংগঠনের কৌঁসুলি মনজিল মোরসেদ সাংবাদিকদের বলেন, "৪৮ ঘণ্টার মধ্যে প্রকাশ না হলে আমরা আবার আদালতে যাবো।"
সংগঠনটির পক্ষে অ্যাডভোকেট মোরসেদ গত ১২ এপ্রিল সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠানগুলোকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছিলেন। তাতেও প্রকাশ না হওয়ায় রিট আবেদন করা হয়।
রিট আবেদন প্রকাশ হলে তাতে কারসাজিতে জড়িত যাদের না আসবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুনরায় আদালতে আবেদন করবেন বলে জানিয়েছেন মনজিল।
পুঁজিবাজারে টাকা খোয়ানো বিনিয়োগকারীদের অর্থ কেন ফেরত দেওয়া হবে না, প্রতিবেদন প্রকাশে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না এবং কারসাজিতে জড়িতদের সাজা কেন নিশ্চিত করা হবে না- এ তিনটি রুল জারি করতে হাইকোর্টে আবেদন করা রিট আবেদনে।
হাইকোর্ট রুল জারি করে আগামী ৪ সপ্তাহের মধ্যে এর জবাব দিতে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে।
দরের ব্যাপক উত্থান এবং পতনের মধ্যে দিয়ে গত বছরের শেষ ভাগে অস্থির হয়ে ওঠে পুঁজিবাজার। প্রতিবাদে বিক্ষোভ ও ভাংচুরও করে বিনিয়োগকারীরা।
এই পরিস্থিতিতে সরকার কৃষি ব্যাংকের চেয়ারম্যান খোন্দকার ইব্রাহিম খালেদের নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করে। কমিটি গত ৭ এপ্রিল সরকারের কাছে প্রতিবেদন দেয়। এ তদন্ত প্রতিবেদন সরকার আনুষ্ঠানিকভাবে প্রকাশ না করলেও তা বিভিন্ন সংবাদ মাধ্যমে ইতোমধ্যে চলে এসেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এমআই/১৩৪৮ ঘ.
bdnews24