২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৮টায় বন্ধ হচ্ছে না সব বিপণি বিতান

বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে ঢাকা মহানগরীতে রাত ৮টার পর সব বিপণি বিতান বন্ধ রাখার নির্দেশনা থাকলেও কিছু বিপণি কেন্দ্রে তা মানা হচ্ছে না। আমিনূর রহমান রাসেলের প্রতিবেদন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2011, 04:29 AM

Updated : 24 Aug 2022, 02:54 PM

আমিনূর রহমান রাসেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, এপ্রিল ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে ঢাকা মহানগরীতে রাত ৮টার পর সব বিপণি বিতান বন্ধ রাখার নির্দেশনা থাকলেও কিছু বিপণি কেন্দ্রে তা মানা হচ্ছে না। ব্যবসায়ীরা বলছেন, সন্ধ্যার পরে ক্রেতার ভিড় বেশি হওয়ায় দোকান বন্ধ করতে তাদের দেরি হয়ে যায়। তাছাড়া ক্রেতা থাকা অবস্থায় দোকান বন্ধ করতে হলে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন তারা। গত ৩০ মার্চ সচিবালয়ে এক আন্তঃমন্ত্রণালয় সভা শেষে বিদ্যুৎ প্রতিমন্ত্রী এনামুল হক জানান, সরকারের বিদ্যুৎ সাশ্রয় কর্মসূচি কার্যকর করতে ১ এপ্রিল থেকে কাজ শুরু হবে। প্রয়োজনে ভ্রাম্যমাণ আদালতও পরিচালনা করা হবে। সরকারের পক্ষ থেকে জানানো হয়, ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো) ও ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি) এ বিষয়টির তদারকি করবে। গত কয়েক রাতে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, মতিঝিল, পুরানা পল্টন, ফার্মগেট, মগবাজার, মিরপুরসহ বিভিন্ন স্থানে রাত ৯টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত দোকান-পাট খোলা থাকছে। এ বিষয়ে ঢাকা মহানগর দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলালউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "অধিকাংশ শপিং মল রাত ৮টা থেকে সাড়ে ৮টার মধ্যে বন্ধ হয়ে যায়। তবে কিছু বিপণি বিতান আছে, যারা বন্ধ করার ব্যাপারে গাফিলতি করছে। সরকারের পক্ষ থেকে তদারকি শুরু করলে সেগুলোও বন্ধ হয়ে যাবে।" এ বিষয়ে সমিতির পক্ষ থেকে কোনো উদ্যোগ নেওয়া হবে কি না জানতে চাইলে তিনি বলেন, "আমরা জোর করে দোকান বন্ধ করবো না। তবে আমরা সরকারি সিদ্ধান্ত মেনে চলার জন্য ব্যবসায়ীদের আমরা অনুরোধ করছি।" ফার্মগেটের একটি বিপণি বিতানে কাপড়ের ব্যবসা করে আবুল হাশেম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "ক্রেতারা সন্ধ্যার পর দোকানে বেশি ভিড় করে। এ সময় বিক্রিও হয় ভালো। তাই বিক্রি শেষ করে দোকান বন্ধ করতে দেরি হয়ে যায়।" পুরানা পল্টনের ঘড়ি ব্যবসায়ী সাইফুল আলম বলেন, "আশপাশের অনেকে তো রাত ৯টা পর্যন্ত দোকান খোলা রাখে। তাই আমাদের দোকানও খোলা থাকে। অন্যরা বন্ধ করলে আমরাও করবো।" মিরপুর ১ নম্বর এলাকার জুতা ব্যবসায়ী কামরুল ইসলাম বলেন, "বিক্রি শেষে হিসাব করতে করতে রাত ৯টা বেজেই যায়।" সরকারি সিদ্ধান্ত মানতে গিয়ে ব্যবসায়ীরা আর্থিকভাবে ক্ষতির শিকার হচ্ছেন বলেও দাবি করেন তিনি। বিপণি বিতান নির্ধারিত সময়ে বন্ধ করার বিষয়টি তদরকির দায়িত্ব পাওয়ার পর ডেসকো ও ডিপিডিসি বেশ কিছু পদক্ষেপ নিয়েছে বলে সংস্থা দুটির কর্মকর্তারা জানান। ডেসকোর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. মনজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রাত ৮টার পর বিপণি বিতান বন্ধে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা রাত ৮টার পর যেসব দোকান খোলা পাচ্ছেন, সেগুলোকে বন্ধ করতে বাধ্য করছেন।" তবে নির্দেশনা অমান্য করায় এ পর্যন্ত কোনো ব্যবসায়ীকে জরিমানা করা হয়নি জানিয়ে তিনি বলেন, "ব্যবসায়ীদের সচেতন করতে সংবাদপত্রে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।" ডিপিডিসির ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুস সোবহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিষয়টি তদারক করতে একটি কমিটি করা হয়েছে। রাত ৮টার পর কোন কোন বিপণি বিতান খোলা থাকছে তা পর্যবেক্ষণ করছে ওই কমিটি।" অভিযুক্ত বিপণি বিতানগুলোর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হবে বলেও জানান তিনি। পিডিবির জনসংযোগ বিভাগের পরিচালক সাইফুল ইসলাম চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বর্তমানে দেশে বিদ্যুতের চাহিদা সাড়ে ৫ হাজার মেগাওয়াট। আর ঘাটতির পরিমাণ ১ হাজার ৫০০ মেগাওয়াট। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/কিউএইচ/জেকে/এমআই/১০১৪ ঘ.