২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'পুঁজিবাজার নিয়ে প্রকাশিত খবর অনির্ভরযোগ্য'

অর্থমন্ত্রী বলেছেন, পুঁজিবাজার তদন্ত নিয়ে গণমাধ্যমে প্রকাশিত খবর নির্ভরযোগ্য নয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2011, 01:05 PM

Updated : 24 Aug 2022, 02:54 PM

ঢাকা, এপ্রিল ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অর্থমন্ত্রী বলেছেন, পুঁজিবাজার তদন্ত নিয়ে গণমাধ্যমে প্রকাশিত খবর নির্ভরযোগ্য নয়। সোমবার এক সংবাদ ব্রিফিংয়ে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেন, "এতো খবর বেরুচ্ছে তার অথেন্টিসিটি (নির্ভরযোগ্যতা) নেই। অথেন্টিসিটি দেওয়ার ব্যবস্থা করা উচিত। সরকারের সিদ্ধান্ত প্রয়োজন।" পুঁজিবাজার তদন্ত প্রতিবেদন প্রকাশ প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, "মুদ্রণে (প্রিন্টিংয়ে) সময় লাগছে। "তবে কী পদক্ষেপ নেওয়া হচ্ছে সে সম্পর্কে আপনাদের [সাংবাদিকদের] ধারণা দেওয়া হবে।" কী পদক্ষেপ নেওয়া হতে পারে জানতে চাইলে তিনি বলেন, "এসইসি, ডিএসই, সিএসই সংস্কারের কথা তো রিপোর্টেই বলা হয়েছে।" শেরে বাংলা নগরে জাতীয় অর্থনৈতিক পরিষদে (এনইসি) প্রাকবাজেট আলোচনা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন মুহিত। সভায় শিল্প, বস্ত্র, পাট, নৌ-পরিবহন, সংস্কৃতি, বিমান ও আইন বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান উপস্থিত ছিলেন। বিকাল ৪টা থেকে সন্ধ্যা পৌনে ৭টা পর্যন্ত সভা চলে। অর্থমন্ত্রী জানান, পুঁজিবাজার তদন্ত প্রতিবেদন নিয়ে বিভিন্ন সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান উদ্বেগ প্রকাশ করেছেন। এ নিয়ে অনেকের উৎকণ্ঠাও রয়েছে। অনেক লোক ক্ষতিগ্রস্ত হয়েছে। ৩১ লাখ বিও অ্যাকাউন্ট আছে বলে অনেকে দাবি করলেও বর্তমানে প্রায় ১০ লাখ সক্রিয় বিও অ্যাকাউন্ট রয়েছে বলে জানান অর্থমন্ত্রী। "শেয়ার মার্কেটে খুব বেশি লোক নেই। অ্যাকাউন্ট করতে হয় বলে অনেকে অ্যাকাউন্ট করে রেখেছে।" "আমার নিজেরও দুটো বিও অ্যাকাউন্ট আছে। তবে ২০০১ সালের পর থেকে সেসব অ্যাকাউন্টে কোনো লেনদেন হয়নি। এরকম অনেক অ্যাকাউন্ট আছে" অর্থনৈতিক অঞ্চল বাংলাদেশে বেশি প্রয়োজন উল্লেখ করে তিনি জানান, এ বছরের মধ্যেই সাত বিভাগের সাতটি অঞ্চলে সাতটি অর্থনৈতিক অঞ্চল ঘোষণা করা হবে। বিদ্যুৎ নিয়ে অনেক প্রশ্ন রয়েছে স্বীকার করে তিনি বলেন, আগামি মার্চের মধ্যে এক হাজার সাতশ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হবে। আর ২০১২ সালের মধ্যে জাতীয় গ্রিডে দুই হাজার মেগাওয়াট বিদ্যুৎ যোগ হবে। অর্থমন্ত্রী বলেন, চলতি বাজেটে এক লাখ ২৮ হাজার কোটি টাকা বাস্তবায়ন হতে পারে। বার্ষিক উন্নয়ন খাতে বাস্তবায়ন হতে পারে ৩০ হাজার কোটি টাকা। এছাড়া পরিকল্পনা মোতাবেক বসতবাড়ি নির্মাণের তাগিদ দিয়ে অর্থমন্ত্রী বলেন, না হলে কৃষিজমি একেবারে কমে যাবে। ভালোমত হাটাচলার সুযোগ থাকবে না। পুরনো সার কারখানাগুলোকে সংস্কার করা হবে জানিয়ে তিনি বলেন, প্রয়োজনে আরো নতুন সার কারখানা তৈরির বিষয়ে আলোচনা হয়েছে। এ জন্য নতুন গ্যাস ক্ষেত্র আবিষ্কার করতে হবে। গ্রামীণ অবকাঠামোতে গতিশীলতা আসেনি বলেও সংসদীয় কমিটির চেয়ারম্যানরা অভিযোগ করেছেন বলে জানান অর্থমন্ত্রী। কয়েকদিনের মধ্যে অন্য সংসদীয় কমিটির চেয়ারম্যানদের নিয়ে প্রাক-বাজেটের আরো একটি আলোচনা অনুষ্ঠিত হবে জানান অর্থমন্ত্রী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/পিডি/২০২৭ ঘ.