চট্টগ্রাম, এপ্রিল ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বন্দরের 'ক্যাপিটাল ড্রেজিং' এর জন্য মালয়েশিয়ান কোম্পানির সঙ্গে আগামী ২৮ এপ্রিল চুক্তি হবে বলে জানিয়েছেন নৌমন্ত্রী শাহজাহান খান।
রোববার চট্টগ্রাম বন্দর রেস্টহাউজে এ সংক্রান্ত এক বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
তিনি বলেন, ২২৯ কোটি টাকা ব্যয়ে মালয়েশিয়ান মেরিটাইম অ্যান্ড ড্রেজিং কর্পোরেশন এ কাজ করবে।
এ প্রকল্পের আওতায় বন্দরের এক নম্বর জেটির উজানে কর্ণফুলী নদীর দুই দশমিক ৬০ কিলোমিটার এলাকা থেকে ৩৫ লাখ ৪০ হাজার ঘনমিটার মাটি-বালি উত্তোলন করা হবে। এ ছাড়া দুই হাজার ৬১৫ মিটার দীর্ঘ তীর রক্ষা এবং ৪০০ মিটার দীর্ঘ জেটি নির্মাণ করা হবে।
২০০৯ সালের ১৯ অক্টোবর নৌ-পরিবহন মন্ত্রণালয় এ প্রকল্প অনুমোদন করে।
নৌ-পরিবহনমন্ত্রী সাংবাদিকদের বলেন, মে মাসের শেষদিকে চট্টগ্রাম বন্দরে কন্টেইনার ব্যবস্থাপনা প্রক্রিয়া ডিজিটালাইজ করা হবে। এর জন্য সব উদ্যোগ প্রায় শেষের পথে।
এছাড়া বন্দর কর্মকর্তাদের সাথে বৈঠকে বন্দরে একটি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন, নতুন রেস্ট হাউজ নির্মাণ, বহুতল কার পার্কিং সেন্টার নির্মাণের বিষয়ে আলাপ হয়েছে বলে জানান তিনি।
এক প্রশ্নের জবাবে মন্ত্রী শাহজাহান খান বলেন, বন্দরে একটি কেন্দ্রীয় পর্যবেক্ষণ কেন্দ্র স্থাপনের বিষয়েও আলোচনা হয়েছে।
"এ ছাড়া নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) নির্মাণের জন্য শিগগির দরপত্র ডাকা হবে।"
এ সময় মন্ত্রীর সঙ্গে বন্দর চেয়ারম্যান কমডোর এম আনোয়ারুল ইসলাম উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএ/পিডি/২১৪৬ ঘ.
bdnews24