ঢাকা, এপ্রিল ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগের দিনের মতো চাঙাভাব ধরে লেনদেন শুরু হলেও পতনের মধ্য দিয়েই দিন শেষ করেছে ঢাকার পুঁজিবাজারে। সাধারণ সূচকের সঙ্গে কমেছে বেশিরভাগ শেয়ারের দামও।
ব্যাপক দরপতনের পর মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাধারণ সূচক ১৬০ পয়েন্ট বাড়ে। বুধবার এক ঘণ্টার লেনদেনে সূচক বেড়ে যায় আরো ৬১ পয়েন্ট।
এরপর আরো কিছু সময় ঊর্ধ্বগতি দেখা গেলেও দিন শেষে সূচক কমেছে ৩৬ পয়েন্ট।
দিন শেষে ডিএসইতে সূচক দাঁড়িয়েছে ৬৩৮৬ দশমিক ৩৫ পয়েন্ট, যা দিনের শুরুর চেয়ে ০ দশমিক ৫৭ শতাংশ কম।
মোট ৮৫৫ কোটি টাকার শেয়ার হাতবদল হয়েছে। গত দিনের এর পরিমাণ ছিলো ৭৯২ কোটি টাকা।
লেনদেন হওয়া ৯৮টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১৫৭টির। ১টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম অপরিবর্তিত ছিলো।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সিএসই বাছাই সূচক ৪০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১১৫৪০ পয়েন্ট। বেড়েছে ৭৮টির এবং কমেছে ১২৭টি শেয়ার ও মিউচুয়্যাল ফান্ডের দর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআই/১৫২৯ ঘ.
bdnews24