ঢাকা, এপ্রিল ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুঁজিবাজারে কারসাজির তদন্ত প্রতিবেদন প্রকাশ এবং দোষীদের গ্রেপ্তারসহ আইনগত ব্যবস্থা নিতে সরকারকে উকিল নোটিস পাঠিয়েছে একটি মানবাধিকার সংগঠন। ব্যবস্থা নেওয়া না হলে হাইকোর্টে রিট আবেদন করবে বলে জানিয়েছে সংগঠনটি।
মঙ্গলবার মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে অ্যাডভোকেট মনজিল মোরসেদ সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠানগুলোর কাছে এই নোটিস পাঠান।
নোটিসে পুঁজিবাজারে কারসাজির ঘটনায় হাজার হাজার কোটি টাকা আত্মসাতের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে মামলা দায়ের, গ্রেপ্তার, পাসপোর্ট ও ব্যাংক হিসাব জব্দ করতে বলা হয়েছে।
ডাকযোগে মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর সচিব, স্বরাষ্ট্র সচিব, অর্থ সচিব, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান সচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, সিকিউরিটিস অ্যান্ড অ্যাক্সচেঞ্জের চেয়ারম্যান, ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান নির্বাহী, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও মতিঝিল থানার ওসির কাছে নোটিসটি পাঠানো হয়।
নোটিসে বলা হয়েছে, শেয়ার বাজার বিপর্যয়ের ঘটনায় হাজারো মানুষ তাদের অর্থ হারিয়েছে। একদল মানুষের ষড়যন্ত্র ও আর্থিক অপরাধের কারণে সমগ্র অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় গঠিত তদন্তকমিটির প্রতিবেদনে যাদেরকে প্রাথমিকভাবে দোষী সাব্যস্ত করা হয়েছে, তারা শাস্তি পাওয়ারযোগ্য। ওই গোষ্ঠীর ষড়যন্ত্রে হঠাৎ করে শেয়ারের দাম বেড়ে যায়। তাদের দুরভিসন্ধি অনুযায়ী বিভিন্ন শেয়ারের সফল দরপতন ঘটানো হয়।
পুঁজিবাজারে অস্থিরতার কারণ অনুসন্ধানে গঠিত তদন্ত কমিটি গত বৃহস্পতিবার সরকারের কাছে প্রতিবেদন দেয়।
দরের ব্যাপক উত্থান এবং পতনের মধ্যে গত বছরের শেষ ভাগে অস্থির হয়ে ওঠে পুঁজিবাজার। বিনিয়োগকারীরা বিক্ষোভ ও ভাংচুরও করে। এরপরই সরকার কৃষি ব্যাংকের চেয়ারম্যান খোন্দকার ইব্রাহিম খালেদের নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করে।
নোটিসে আরো বলা হয়েছে, প্রতিবেদনের বিষয়বস্তু ও সুপারিশ আংশিকভাবে সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়। কিন্তু বলা হয়েছে, যারা এই বিপর্যয়ের সঙ্গে জড়িত তাদের নাম অবিলম্বে প্রকাশ করা হবে না। তবে আনুষ্ঠানিক ঘোষণা না থাকলেও এই আর্থিক অপরাধে জড়িত ব্যক্তিদের নাম বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে। প্রতিবেদন প্রকাশ ও দোষীদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়ার জন্য দাবি উঠলেও ওই প্রতিবেদন প্রকাশের কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
কারসাজি করে হাতিয়ে নেওয়া অর্থ উদ্ধার করে ক্ষতিগ্রস্তদের কাছে দেওয়ারও দাবি জানানো হয় ওই নোটিসে।
সাত দিনের মধ্যে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথা উল্লেখ করা হয়েছে জানিয়ে মনজিল মোরসেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সাত দিনের মধ্যে শেয়ার কেলেঙ্কারীর ঘটনায় দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ হলে হাইকোর্টে রিট আবেদন দায়ের করা হবে।"
"রিট আবেদনে হাইকোর্টের কাছে শেয়ার কেলেঙ্কারীতে হাজার হাজার কোটি টাকা আত্মসাতের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে মামলা দায়ের, গ্রেপ্তার, পাসপোর্ট ও ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করার নির্দেশনা চাওয়া হবে", যোগ করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএন/এএল/এমআই/এএল/১৭১১ ঘ.
bdnews24