ঢাকা, এপ্রিল ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্রামীণ সড়ক ও বাজার সুবিধার উন্নয়নে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সঙ্গে ছয় কোটি ডলারের একটি ঋণ চুক্তি করেছে বাংলাদেশ।
সোমবার এডিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশে এডিবির আবাসিক প্রতিনিধি থেবাকুমার কান্দিয়াহ ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব (ইআরডি) এম মোশাররফ হোসেন ভূঁইয়া এ চুক্তিতে সই করেন।
'টেকসই গ্রামীণ কাঠামো উন্নয়ন প্রকল্পের' আওতায় ঋণের এই অর্থে দেশের উত্তর-পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমের ২১টি জেলার যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করা হবে বলেও এতে উল্লেখ করা হয়।
জার্মান সরকারের উন্নয়ন ব্যাংক কেএফডব্লিউ এ প্রকল্পে ১ কোটি ৩০ লাখ ইউরো মূল্যের সহযোগিতা দেবে বলেও আশা করা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এএল/জেকে/২১০৭ ঘ.
bdnews24