২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'ত্র"টি লেনদেন প্রক্রিয়াই'

দেশের পুঁজিবাজারের লেনদেন প্রক্রিয়ায়ই দুর্নীতির অনেক সুযোগ রয়েছে বলে মন্তব্য করেছে খোন্দকার ইব্রাহিম খালেদ নেতৃত্বাধীন তদন্ত কমিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2011, 07:03 AM

Updated : 24 Aug 2022, 02:52 PM

ঢাকা, এপ্রিল ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের পুঁজিবাজারের লেনদেন প্রক্রিয়ায়ই দুর্নীতির অনেক সুযোগ রয়েছে বলে মন্তব্য করেছে খোন্দকার ইব্রাহিম খালেদ নেতৃত্বাধীন তদন্ত কমিটি। সরকারকে দেওয়া প্রতিবেদনে তদন্ত কমিটি কয়েকটি লেনদেনের নমুনা উল্লেখ করেছেন। এসব ক্ষেত্রে বিপুল অর্থ লেনদেন হওয়ায় গোয়েন্দা সংস্থা ও দুর্নীতি দমন বিভাগ থেকে তদন্তের সুপারিশও করা হয়েছে। পুঁজিবাজার নিয়ন্ত্রণ সংস্থা সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) নির্বাহী পরিচালক (বর্তমানে ওএসডি) আনোয়ারুল কবির ভুঁইয়া পদে থাকার সময় একটি আদেশ জারি করেন, যাতে বলা হয়- কমিশনের কোনো কর্মকর্তা বা কর্মচারী নিজ বা স্বামী-স্ত্রী, পিতা-মাতা, ছেলে-মেয়ে ও পোষ্যদের নামে প্রাইমারি বা সেকেন্ডারি মার্কেটে সিকিউরিটিজ লেনদেন করতে কিংবা লেনদেনে সম্পৃক্ত হতে থাকতে পারবেন না। অথচ আনোয়ারুল নিজে স্ত্রীর নামে চারটি প্রতিষ্ঠানের আলাদা চারটি বিও একাউন্ট থেকে বিপুল পরিমাণ শেয়ার কেনেন বলে তদন্তে ধরা পড়েছে। এ চারটি হিসাব থেকে তিনি প্রায় ২১৬ কোটি টাকার শেয়ার কিনেছেন এবং প্রায় ২০০ কোটি টাকার শেয়ার বিক্রি করেছেন। এসইসির দাপ্তরিক আদেশ লঙ্ঘন ছাড়াও এ বিপুল অর্থ লেনদেনের বিষয়টি সরকারের গোয়েন্দা সংস্থাকে খতিয়ে দেখার পরামর্শ দিয়েছে কমিটি। ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশে (আইসিবি) সাবেক উপ-মহাব্যবস্থাপক কফিলউদ্দিন আহমদ চৌধুরী (বর্তমানে ন্যাশনাল হাউজ বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের মহাব্যবস্থাপক) মাত্র দুই মাসে ৩ কোটি টাকার মালিক হয়েছেন। এই পুরো টাকা তার স্ত্রী ও শ্যালকের আইডিএলসির অমনিবাস একাউন্ট থেকে এসেছে বলে তদন্ত কমিটি দেখতে পেয়েছে। এসব টাকা তার নিজের ও স্ত্রীর নামে এফডিআর করা হয়েছে। সরকারি কর্মকর্তা হওয়ার পরও পুঁজিবাজারে সম্পৃক্ত হওয়া চাকরি বিধির লঙ্ঘন কি না- জানতে চাওয়া হলে কফিলউদ্দিন তদন্ত কমিটিকে বলেছেন, তিনি সার্ভিস রুল পড়েননি। এক জন সরকারি কর্মকর্তা কী করে দুই মাসে এত বড় অঙ্কের টাকা জমা করেন, তা নিরীক্ষার জন্যে নিয়মিত মামলা করে দুর্নীতি দমন বিভাগে পাঠানোর সুপারিশ করেছে তদন্ত কমিটি। এবি ব্যাংকের সাবসিডিয়ারি কোম্পানি এবি ইনভেস্টমেন্ট লিমিটেডের প্রধান নির্বাহী (সিইও) হওয়া সত্ত্বেও আর ওয়াই শমসের নিজ নামে ১১ কোটি ৯৯ লাখ টাকার প্লেসমেন্ট শেয়ার নেন, যা অনৈতিক ও স্বার্থ সংঘাতমূলক। তিনি ওরিয়ন ফার্মা, মালেক স্পিনিং, বিকন ফার্মাসিউটিক্যাল, ইউনাইটেড এয়ারওয়েজ, ট্রাস্ট্র ব্যাংক, ফার্স্ট মিউচুয়্যাল ফান্ড, জনতা ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, প্রাইম ব্যাংক ফার্স্ট আইসিটি মিউচ্যুয়াল ফান্ড ও স্যালভো কেমিক্যাল ইন্ড্রাস্টির প্রাইভেট প্লেসমেন্ট শেয়ার নিয়েছেন। মুদ্রা পাচার আইনে এ লেনদেনগুলো পরীক্ষা করে দেখার জন্য সুপারিশ করেছে তদন্ত কমিটি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এমআই/১৩০০ ঘ.