২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কেপিসিএল'র সরাসরি তালিকাভুক্তিতে অনিয়ম

পুঁজিবাজারে খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেডের (কেপিসিএল) সরাসরি তালিকাভুক্তিতে ব্যাপক অনিয়ম পেয়েছে অনিয়ম তদন্তে গঠিত কমিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2011, 10:10 PM

Updated : 24 Aug 2022, 02:51 PM

ঢাকা, এপ্রিল ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুঁজিবাজারে খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেডের (কেপিসিএল) সরাসরি তালিকাভুক্তিতে ব্যাপক অনিয়ম পেয়েছে অনিয়ম তদন্তে গঠিত কমিটি। গতবছরের এপ্রিল ও মে মাসে প্রতিষ্ঠানটি পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, ২০০৯ সালের ৩১ ডিসেম্বর কেপিসিএলের শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিলো ২ টাকা ৭৯ পয়সা, নেট অ্যাসেট ভ্যালু (এনএভি) ছিলো ১৮ টাকা ৫৩ পয়সা। কিন্তু সরাসরি তালিকাভুক্তির সময় এর নিদের্শক মূল্য ধরা হয় ১৬২ টাকা। শুরুতে প্রতিষ্ঠানটির প্রতিটি শেয়ারের বিক্রয় মূল্য ধরা হয় ১৯৪ টাকা ২৫ পয়সা, যা এর ইপিএস'র চেয়ে ৬৯ গুণ এবং এনএভি'র চেয়ে ১০ গুণ বেশি। প্রতিবেদন অনুযায়ী, কেপিসিএল'র শেয়ারের গড় বিক্রিমূল্য ২১১ টাকা ২৩ পয়সা হলেও সরাসরি তালিকাভুক্তির মাত্র এক মাসের পর তা ১৭০ টাকায় নেমে আসে যা আর বাড়েনি। প্রতিবেদনে বলা হয়েছে, বিক্রেতা ও বাজারের মধ্যস্বত্ত্বভোগী এবং সম্ভবত কিছু ক্রেতার অসাধু যোগসাজশে ষড়যন্ত্রের মাধ্যমে কৃত্রিমভাবে প্রতিষ্ঠানটির শেয়ারের বাজারমূল্য প্রকৃত মূল্যের চেয়ে বাড়িয়ে তোলা হয়েছিলো বলে ঘটনাপ্রবাহে ইঙ্গিত পেয়েছে তদন্ত কমিটি। কমিটি বলেছে, 'সংশ্লিষ্ট উপাত্ত তিনটি দৃষ্টিকোণ থেকে পূর্ণাঙ্গ বিশ্লেষণ করা প্রয়োজন; এবং সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর জবাবদিহিতা অবশ্যই নিশ্চিত করতে হবে।' যে তিনটি ক্ষেত্রে বিশ্লেষণের কথা বলা হয়েছে সেগুলো হলো- শেয়ারের অতিমূল্যায়ন, সব শেয়ার বিক্রির পর ইস্যুমূল্যের চেয়ে দাম পড়ে যাওয়া এবং সংশ্লিষ্ট কিছু ব্রোকারেজ হাউজ ও বিনিয়োগকারীর অস্বাভাবিক লেনদেন। শেয়ারের মূল্য নির্ধারণের ক্ষেত্রে তিন বা পাঁচ বছরের শেয়ার প্রতি আয়ের ভারিত গড় বিবেচনায় নেওয়া হয়নি- এ কথা উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়, এক্ষেত্রে শুধু ২০০৯ সালের হিসাব বিবেচনা করা হয়েছিলো। "এছাড়া এক কোটি টাকার দায় এবং অগ্রাধিকার শেয়ারের বিপরীতে ১১ কোটি টাকার সমমানের দায়ও বিবেচনায় রাখেনি প্রতিষ্ঠানটি।" এ সব বিবেচনায় নিলে কেপিসিএল'র প্রতিটি শেয়ারে এনএভি ১৮ টাকা ৫৩ পয়সার বদলে ১৩ টাকা ২০ পয়সা হতো- বলা হয়েছে তদন্ত প্রতিবেদনে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/পিডি/০৩০৯ ঘ.