ঢাকা, এপ্রিল ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পোশাক শ্রমিকদের জন্য নিরাপদ কর্মস্থল নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরোর সদস্য ফজলে হোসেন বাদশা।
রোববার রাজধানীর মুক্তাঙ্গনে এক সমাবেশে তিনি এই আহ্বান জানান।
২০০৫ সালে সাভারের স্পেকট্রাম গার্মেন্টস ধসে নিহত শ্রমিকদের স্মরণে এ সমাবেশের আয়োজন করে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন।
সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা বলেন, "কারখানায় কাজ করতে এসে পোশাক শ্রমিকরা লাশ হয়ে ফিরবে তা কোনো সভ্য দেশ ও জাতি মেনে নিতে পারে না। আর কোনো শ্রমিক যেন লাশ হয়ে ঘরে না ফেরে সে ব্যবস্থা সরকার ও মালিক পক্ষকে নিতে হবে।"
নিরাপদ কর্মস্থল গার্মেন্টস শ্রমিকদের মৌলিক অধিকার। এ অধিকার রক্ষায় সরকার ও মালিক সবাইকে দায়িত্ববান হওয়ার আহ্বান জানান তিনি।
জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি আমিরুল হক আমিন বলেন, "১৯৯০ সাল থেকে এ পর্যন্ত পোশাক কারখানায় অসংখ্য দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় অনেকে নিহত হচ্ছে কিংবা কেউ কেউ পুঙ্গ হয়ে অসহায়ভাবে জীবনযাপন করছে।"
ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা রোধ করা যায় সেজন্য সরকার ও মালিকদের কার্যকর ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান তিনি।
সমাবেশে আরো বক্তব্য দেন ফেডারেশনের সাধারণ সম্পাদক শাফিয়া পারভীন, সহ-সভাপতি মো. ফারুক খান প্রমুখ।
সমাবেশ শেষে একটি শোক মিছিল বের করে তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/কেএমএস/১৬১৯ ঘ.
bdnews24