দিনাজপুর, এপ্রিল ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শ্রমিক নেতাকে কাজে যোগ দিতে বাধা দেওয়ার প্রতিবাদে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রায় আড়াইশ শ্রমিক ধর্মঘট শুরু করেছে।
রোববার সকাল সোয়া ৯টা থেকে শ্রমিকরা ধর্মঘট শুরু করে বলে জানান তাপ বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ।
ধর্মঘটে অংশ নেওয়া শ্রমিকরা সাংবাদিকদের জানান, তাপ বিদ্যুৎ কেন্দ্র শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি নুরুজ্জামানকে কর্তৃপক্ষ কাজে যোগ দিতে বাধা দেওয়ায় তারা এই ধর্মঘট করছেন।
নুরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তাপ বিদ্যুৎ কেন্দ্রের তৃতীয় পক্ষের মাধ্যমে নিয়োগ পাওয়া শ্রমিকদের চাকরি স্থায়ীকরণের কাগজপত্র ৭ এপ্রিলের মধ্যে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে (পিডিবি) পাঠানোর কথা ছিলো। তাপ বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ নির্ধারিত সময়ে সেই কাগজপত্র পিডিবিতে পাঠায়নি।
তিনি বলেন, "কাগজপত্র না পাঠানোর কারণ জানতে কয়েকজন শ্রমিক নেতাসহ শনিবার প্রধান প্রকৌশলী আবু তাহেরের কাছে যাই। এ সময় তিনি আমাদের লাঞ্ছিত করে অফিস থেকে বের করে দেন। এরপর রোববার সকালে কর্মস্থলে গেলে কর্তৃপক্ষ আমাকে কাজে যোগ দিতে দেয়নি।"
এরপরই শ্রমিক কর্মস্থল থেকে বের হয়ে এসে ধর্মঘট শুরু করে বলে জানান তিনি।
তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু তাহের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নুরুজ্জামান অফিসে অসদাচারণ ও হুমকি দিয়েছে। তাপ বিদ্যুৎ কেন্দ্রের নিরাপত্তার স্বার্থে তাকে কাজে যোগ দিতে দেওয়া হয়নি।
সমস্যা সমাধানের চেষ্টা চলছে বলে জানান তিনি।
শ্রমিকদের ধর্মঘটের মধ্যেও কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন স্বাভাবিক রয়েছে বলে জানান প্রধান প্রকৌশলী।
এদিকে বিকালে তাপ বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষের সঙ্গে শ্রমিকদের বৈঠক অনুষ্ঠিত হয়। কিন্তু বৈঠকে সমস্যার কোনো সমাধান হয়নি বলে সাংবাদিকদের জানায় শ্রমিক ও কর্তৃপক্ষ।
বৈঠকের বিষয়ে নুরুজ্জামান জানান, শ্রমিকরা আর ধর্মঘট করবে না-এমন অঙ্গীকারনামা দিয়ে কাজে যোগদানের কথা বলে কর্তৃপক্ষ। কিন্তু শ্রমিকরা তা অস্বীকার করে ধর্মঘট চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
প্রকৌশলী আবু তাহের জানান, শ্রমিকদের অঙ্গীকারনামা দিতে বললে তারা তা অস্বীকার করে। এ কারণে নুরুজ্জামানকে কাজে যোগ দিতে দেওয়া হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৮১৩ ঘ.
bdnews24